মাদারীপুরে ইয়াবাসহ ওষুধ কোম্পানি প্রতিনিধি আটক
মাদারীপুর সদর উপজেলা থেকে ইয়াবাসহ একটি ওষুধ কোম্পানির বিক্রয় প্রতিনিধিসহ দুইজনকে আটক করেছে পুলিশ।
সদর থানার ওসি মোফাজ্জেল হোসেন জানান, শনিবার সকালে উপজেলার মস্তুফাপুরের একটি ওষুধের দোকান থেকে এদের আটক করা হয়।
এরা হলেন- পাবনার এডরুক ফার্মাসিউটিক্যালের বিক্রয় প্রতিনিধি নুরুল আলম ও তার সহযোগী শফিউল আলম শাফী। দুজনেই পাবনার বেড়া উপজেলার দাড়িয়া গ্রামের বাসিন্দা।
ওসি মোফাজ্জেল হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সদর থানার এএসআই আবুল কালাম আজাদের নেতৃত্বে একটি দল মস্তফাপুর এলাকায় একটি ওষুধের দোকান থেকে নুরুল আলম ও তার সহযোগী শফিউল আলম শাফীকে চারশ’ ইয়াবাসহ আটক করে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে এরা ইয়াবা বিক্রয়ের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে বলেও জানান তিনি।
