প্রধানমন্ত্রীকে ডব্লিউএমও মহাসচিবের অভিনন্দন
পুনরায় নির্বাচিত হয়ে সরকার গঠন করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন বিশ্ব আবহাওয়া সংস্থার (ডব্লিউএমও) মহাসচিব এম জারাউড।
বৈশ্বয়িক জলবায়ু নিয়ে শেখ হাসিনার সরকারের আগের মেয়াদে নেয়া বিভিন্ন ইতিবাচক ভূমিকারও প্রশংসা করেন তিনি।
জেনেভাভিত্তিক সংস্থা ডব্লিউএমও বৈশ্বিক জলবায়ু নিয়ে কাজ করে।
বিশ্ব জলবায়ু ঝুঁকির নানা এজেন্ডা বাস্তবায়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের সঙ্গে বিশ্ব আবহাওয়া সংস্থা একযোগে কাজ করবে বলে আশা প্রকাশ করেন জারাউড।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, অভিনন্দন বার্তায় ডব্লিউএমওর মহাসচিব ঘূর্ণিঝড় মোকাবেলায় প্রস্তুতি নিয়ে বাংলাদেশ সরকারের বিভিন্ন সচেতনতামূলক পদক্ষেপের কথা উল্লেখ করেছেন।
এসব পদক্ষেপের কারণে বাংলাদেশে ঝড়ে ক্ষয়ক্ষতি অনেকাংশে কমানো সম্ভব হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
গত ৫ জানুয়ারির দশম জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে টানা দ্বিতীয় মেয়াদে সরকার গঠন করেছেন আওয়ামী সভানেত্রী শেখ হাসিনা।
এর আগে ভারত, চীন, রাশিয়াসহ বিশ্বের বিভিন্ন দেশের সরকার ও রাষ্ট্র প্রধানরা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানান। বিভিন্ন আন্তর্জাতিক সংগঠনের পক্ষ থেকেও প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানানো হয়েছে।
