প্রধানমন্ত্রীর চা চক্রে বিশিষ্টজনরা
শীর্ষস্থানীয় অভিনেতা, গায়ক, খেলোয়াড় এবং সামরিক-বেসামরিক কর্মকর্তাদের সঙ্গে গল্প, আড্ডা, গান, কবিতা, আর চা চক্রে অন্য রকম সময় কাটালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শুক্রবার বিকেলে গণভবনের সবুজ চত্বরে এই মিলনমেলা বসে বলে বাসসের এক প্রতিবেদনে বলা হয়।
এই অনুষ্ঠানের মধ্য দিয়ে চলচ্চিত্র ও টেলিভিশন অভিনেতা, শিল্পী, শিক্ষক, কবি, খেলোয়াড় এবং সামরিক-বেসামরিক কর্মকর্তাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন তৃতীয়বারে মতো রাষ্ট্রপরিচালনার দায়িত্ব নেয়া শেখ হাসিনা।
অনুষ্ঠানের শুরুতেই গণভবনের সবুজ চত্বরে ঘুরে ঘুরে আমন্ত্রিত অতিথিদের সঙ্গে কুশল বিনিময় করেন তিনি। পরে পিঠা-পুলি, কাবাব-পরটা, মিষ্টি আর চা-কফিতে আপ্যায়িত করা হয় আমন্ত্রিতদের।
প্রধানমন্ত্রীর উপদেষ্টা মশিউর রহমান, গওহর রিজভী, মেজর জেনারেল (অব.) তারিক আহমেদ সিদ্দিকী, ইকবাল সোবহান চৌধুরী, শিল্পী কাইয়ুম চৌধুরী, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান এ কে আজাদ চৌধুরী এ সময় উপস্থিত ছিলেন।
মন্ত্রিপরিষদ সচিব এম মোশাররফ হোসেন ভূঁইয়া, সেনাবাহিনীর প্রধান জেনারেল ইকবাল করিম ভূঁইয়া, নৌবাহিনীর প্রধান ভাইস এডমিরাল এম ফরিদ হাবিব, বিমান বাহিনীর প্রধান এয়ার মার্শাল মোহাম্মদ ইনামুল বারী, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মোহাম্মদ ওয়াহিদ-উজ জামান, পুলিশের আইজি হাসান মাহমুদ খন্দকার, সিনিয়র সচিব আবদুস সোবহান শিকদার, বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল আজিজ আহমেদ, র্যাবের মহাপরিচালক মুখলেসুর রহমান, প্রধানমন্ত্রীর সামরিক সচিব মেজর জেনারেল মিয়া মোহাম্মদ জয়নুল আবদিন, এসএসএফ-এর মহাপরিচালক মেজর জেনারেল শেখ আমান হাসানও অনুষ্ঠানে যোগ দেন।
খেলোয়াড়দের মধ্যে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি কাজী সালাহউদ্দিন, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন, ফুটবল ফেডারেশনের সাবেক মহাসচিব হারুনুর রশীদ, জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক রকিবুল হাসান, আকরাম খান, মিনহাজুল আবেদীন নান্নু ও নাইমুর রহমান দুর্জয়, সাবেক ফুটবলার বাদল রায়, দেওয়ান সফিউল আরেফিন টুটুল, শেখ মোহাম্মদ আসলাম, সত্যজিত দাস রূপু উপস্থিত ছিলেন।
অভিনেতা রাজ্জাক ও ফারুককেও দেখা যায় অনুষ্ঠানে।
গতবছর বিশেষ অলিম্পিকে পদকপ্রাপ্ত প্রতিবন্ধী শিশুরাও প্রায় দুই ঘণ্টার এ অনুষ্ঠানে যোগ দেয়।
গণভবনের দক্ষিণ-পূর্ব প্রান্তে স্থাপিত মঞ্চে প্রধানমন্ত্রীর কার্যালয়ের কর্মকর্তা, সেনাবাহিনী, এসএসএফ, পুলিশ, আনসার ও ভিডিপির সদস্যরা গান পরিবেশন ও কবিতা আবৃত্তি করেন।
সঙ্গীত শিল্পী আবদুল জব্বার, তিমির নন্দী, পুলিশের মহাপরিদর্শক হাসান মাহমুদ খন্দকার, পরিকল্পনা সচিব ভূইয়া শফিকুল ইসলাম, কবি মুহাম্মদ সামাদ এবং সেনাবাহিনী, এসএসএফ, পুলিশ, আনসার ও ভিডিপি কর্মকর্তা এবং বিশেষ অলিম্পিক দলের প্রতিবন্ধী শিশুরা গান পরিবেশন ও কবিতা আবৃত্তি করেন।
পরে কবি মোহাম্মদ আবদুস সামাদের আবৃত্তির মধ্য দিয়ে চা চক্র ও সাংস্কৃতিক অনুষ্ঠান শেষ হয়।
সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর সাংস্কৃতিক অনুষ্ঠান পরিচালনা করেন।
অতিথিদের ঐতিহ্যবাহী পাটি-সাপটা, পুলি, ভাঁপা, চিতই পিঠা এবং নান রুটি, কাবাব, পরাটা, মিষ্টি, চা ও কফি দিয়ে আপ্যায়ন করা হয়।
এই মিলনমেলা উপলক্ষে গণভবনে মৃৎশিল্প ও হস্তশিল্প দিয়ে বেশ কয়েকটি ‘কুঁড়েঘর’ সাজানো হয়।
