রাজশাহী ও নাটোরে সোনার নৌকা দিয়ে সংবর্ধনা
রাজশাহীতে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম ও নাটোরে সাংসদ আবুল কালাম আজাদকে সোনার নৌকা দিয়ে সংবর্ধনা দেয়া হয়েছে।
শুক্রবার বিকেলে রাজশাহীর বাঘায় গণসংবর্ধনায় প্রতিমন্ত্রীকে এ উপহার দেন বাঘা পৌরসভার মেয়র আক্কাস আলী।
কাছাকাছি সময় নাটোরের গফুরাবাদ উচ্চ বিদ্যালয় মাঠে সংবর্ধনা অনুষ্ঠানে লালপুর-বাগাতিপাড়া আসনের সাংসদ আবুল কালাম আজাদকে সোনার নৌকা দেন ওই বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি আব্দুস সাত্তার।
বাঘার অনুষ্ঠানে সোনার নৌকা গ্রহণ করে এমন উপহার আশা করেন না বলে সমবেতদের জানান তরুণ আওয়ামী লীগ নেতা শাহরিয়ার আলম।
সোনার নৌকাটি বেচে ওই টাকা প্রতিবন্ধীদের কল্যাণে দান করবেন বলেও ঘোষণা দেন তিনি।
বাঘা পৌরসভার মেয়র আক্কাস আলীর সোনার নৌকা ছাড়াও ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি শফিকুল সোনার কোটপিন উপহার দেন।
তার সংবর্ধনা উপলক্ষে তার নির্বাচনী এলাকার দুই থানায় গত দুইদিন ধরে ব্যাপাক আয়োজন চলে।
এ উপলক্ষে শুক্রবার বেলা সাড়ে ১২টা থেকে স্কুলের শিক্ষার্থীদের রাস্তায় দাঁড় করিয়ে রাখা হয় বলে জানান রহমতুল্লা বালিকা বিদ্যালয়ের শিক্ষক নিশিপদ সরকার।
বাঘা উপজেলায় ১০ কিলোমিটার এলাকা জুড়ে নির্মাণ করা হয় কয়েকশ’ তোরণ।
এরআগে গত বৃহস্পতিবার চারঘাটে তাকে গণসংবর্ধনা দেয়া হয়।
সোনার নৌকা দেয়ায় স্থানীয় আওয়ামী লীগের এক নেতা মন্তব্য করেন আক্কাস আলী উপজেলা চেয়ারম্যান পদে দলের মনোনয়ন নিতে পররাষ্ট্র প্রতিমন্ত্রীকে সন্তুষ্ট করতে এ উপহার দিয়েছেন।
আগামী ২৭ ফেব্রুয়ারি বাঘা উপজেলার নির্বাচন হওয়ার কথা রয়েছে।
নাটোরে সোনার নৌকা আজাদকে
সোনার নৌকা উপহার দিয়ে সংবর্ধিত করা হয়েছে নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত সাংসদ আবুল কালাম আজাদকে।
শুক্রবার বিকেলে গফুরাবাদ উচ্চ বিদ্যালয়ের আয়োজনে বিদ্যালয় মাঠে সাংসদ আবুল কালাম আজাদের সংবর্ধনা সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সাংসদ সংবর্ধনা গ্রহণ করেন।
অনুষ্ঠানে শিক্ষা প্রতিষ্ঠানটির সভাপতি আব্দুস সাত্তার সাংসদের হাতে সোনার নৌকা তুলে দিয়ে সংবর্ধনা জানান।
অনুষ্ঠানের সঞ্চালনা করেন উপজেলা আ’লীগের সাংগাঠনিক সম্পাদক জহুরুল ইসলাম।
