২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

৩০ শিক্ষকের পদত্যাগে খুবি কর্তৃপক্ষের তোড়জোড়

শিক্ষক আন্দোলনের মুখে খুলনা বিশ্ববিদ্যালয়ে চারুকলা ইনস্টিটিউটকে পূর্ণাঙ্গ স্কুল হিসেবে অনুমোদন দিতে পারে বলে খবর পাওয়া গেছে।

খুলনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jan 2014, 09:58 PM

Updated : 01 Sep 2026, 12:17 PM

এরই মধ্যে আগামী ২৭ জানুয়ারি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ একাডেমিক কাউন্সিলের বিশেষ সভাও আহ্বান করা হয়েছে।

এরআগে গত বৃহস্পতিবার শিক্ষকের সঙ্গে দুর্ব্যবহারসহ কয়েকটি ঘটনার প্রতিবাদে খুলনা বিশ্ববিদ্যালয়ের ডিন, বিভাগীয় প্রধান ও কর্মকর্তাসহ ৩৩টি প্রশাসনিক দায়িত্ব থেকে ৩০জন শিক্ষক পদত্যাগ করেন।

পদত্যাগী শিক্ষকদের অভিযোগগুলোর মধ্যে স্থাপত্য ডিসিপ্লিনের প্রধান ড. আফরোজা পারভীনকে অপমান, চারুকলা ইনস্টিটিউটকে পূর্ণাঙ্গ স্কুল না করা এবং বিএনপি জামায়াতের শিক্ষকদের সঙ্গে উপাচার্যের গাটছড়া বাঁধা রয়েছে।

বিএনপি-জামায়াত তোষণে অভিযোগে অভিযুক্ত খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ ফায়েক উজ্জামান নিজেকে আজীবন মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী প্রগতিশীল মানুষ হিসেবে দাবি করেন।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম বলেন, “জামায়াত-বিএনপিকে তুষ্ট করার কোন প্রশ্নই আসতে পারে না।”

প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় গত ১৮ জানুয়ারি সভায় চারুকলা ইনস্টিটিউটের পূর্ণাঙ্গ অনুমোদন দেয়া যায়নি উল্লেখ করে তিনি বলেন, “ইনস্টিটিউটির পরিচালক অধ্যাপক ড. আফরোজা পারভীনের অনুরোধে ওই সভায় থেকে চারুকলাকে পূর্ণাঙ্গ স্কুল অনুমোদনের বিষয়টি পরবর্তী সভার জন্য রাখা হয়।

“যা আগামী ২৭ জানুয়ারির বিশেষ সভায় অনুমোদন দেয়া হবে” উল্লেখ উপাচার্য আশা প্রকাশ করেন শিক্ষকরা পদত্যাগপত্র প্রত্যাহার করে নেবেন।

তবে পদত্যাগী শিক্ষকরা বলেছেন চিঠি ফেরত নেবার ব্যাপারে তারা কিছুই ভাবছেন না।

কলা ও মানবিক স্কুলের ডিন ও ইংরেজি বিভাগের প্রধানের পদ ছেড়ে দেন অধ্যাপক ড. আহসানুজ্জামান।

তাড়াহুড়ো করে বিশেষ সভা ডাকায় তার পাল্টা প্রশ্ন “বিশেষ সভায় যদি চারুকলা স্কুলের পূর্ণাঙ্গতার অনুমোদন দেয়া হয়, তাহলে ১৮ জানুয়ারির সভায় কেন তা দেয়া হলো না?”

একাডেমিক কাউন্সিলের বিশেষ সভা ডাকাকে তিনি কর্তৃপক্ষ নতুন নাটক বলে মন্তব্য করেন।

উপাচার্যের সমালোচনা করে ছাত্রকল্যাণ বিষয়ক পরিচালক পদ খেকে সরে দাঁড়ানো অধ্যাপক ড. অনির্বাণ মোস্তফা বলেন, “উপাচার্য জামায়াত-বিএনপিপন্থি শিক্ষকদের তুষ্ট করতে ১৮ জানুয়ারির সভায় চারুকলা স্কুলের পূর্ণাঙ্গতার অনুমোদন দেননি।

“নিজেকে রক্ষার জন্য আবার তিনি বিশেষ সভা আহ্বান করেছেন।”

এদিকে একসাথে ৩০ জন শিক্ষক পদত্যাগ করায় বিশ্ববিদ্যালয়ে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।

খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হয়ে আসার আগে অধ্যাপক ড. ফায়েক রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের শিক্ষক ছিলেন। সেখানে তিনি প্রগতিশীল শিক্ষক সমাজের সঙ্গে যুক্ত ছিলেন।