হিন্দু-সম্পত্তি দখল চেষ্টার প্রতিবাদে ঝালকাঠীতে বিক্ষোভ
ঝালকাঠীর রাজাপুর উপজেলায় একটি হিন্দু-বাড়ি দখলের চেষ্টা, লুটপাট ও নির্যাতনে সহায়তার অভিযোগে ইউএনওসহ দখলকারীদের বিরুদ্ধে বিক্ষোভ হয়েছে।
শুক্রবার সকালে এ কর্মসূচি পালন করে করেছে স্থানীয় পূজা উদযাপন ও হিন্দু- বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ।
উপজেলার বিভিন্ন সড়কে মিছিল করার আগে থানার সামনের সড়কে প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন, উপজেলা ভাইস চেয়ারম্যান চন্দ্র শেখর হালদারসহ পূজা উদযাপন পরিষদ ও হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের নেতারা।
বক্তারা অবিলম্বে ওই জমিতে দেয়া অবৈধ ডিসিআর বাতিল, ইউএনওসহ সংশ্লিষ্ট কর্মচারীদের বরখাস্ত এবং দখলদার ও নির্যাতনকারীদের দ্রুত বিচার দাবি করেন।
উপজেলা সদরের টিএন্ডটি সড়কে ১০ শতাংশ জমির উপর ভিটে বাড়িতে বাস করেন মৃত নিমাই চন্দ্র মিস্ত্রীর স্ত্রী অমিয় বালা ও তাদের একমাত্র ছেলে অনিমেষ মিস্ত্রী। কয়েক পুরুষ ধরেই তারা এখানেই তাদের বাস।
এদের এ সম্পত্তি শত্রু সম্পত্তি আইনের জচটলতায় ঢুকে পড়ায় স্থানীয় এক প্রভাবশালীর নামে ইজারা নিয়ে তা দখল করতে যাওয়া প্রতিবাদে এই বিক্ষোভ।
বছর দশেক আগে নিমাই মারা যান। তার ছেলে অনিমেষ এখন রিকশা চালিয়ে সংসার সামলান।
অনিমেষ সাংবাদিকদের বলেন, “আমাদের পৈত্রিক সম্পত্তিটি সরকার ভুলক্রমে এ্যানিমি প্রপার্টিতে লিপিবদ্ধ করেছে।
“আর তা নিয়ে ঝালকাঠী আদালতে সরকারের সাথে মামলা চলছে, কিন্তু মামলা বহাল থাকা অবস্থায় ইউএনও কীভাবে এই জমি লিজ দেন তা আমাদের জানা নেই!”
এই জমিই তাদের শেষ সম্বল উল্লেখ করে কান্না জড়িত কন্ঠে তিনি বলেন, “ওটা দখল হয়ে গেলে দেশ ছেড়ে চলে যাওয়া ছাড়া আমাদের আর কোন উপায় নেই।”
বিক্ষোভকারীরা জানান, অনিমেষদের পৈত্রিক ভিটার ১০ শতাংশ জমি স্থানীয় উপজেলা চেয়ারম্যানের বিস্বস্তসহযোগী হিসেবে এলাকায় পরিচিত প্রভাবশালী শিপন হোসেন তার ভাইয়ের স্ত্রী রুবি আক্তারের নামে ডিসিআরের মাধ্যমে বরাদ্দ নেয়।
আর ভিত্তিতে গত ৯ জানুয়ারি উপজেলা নির্বাহী কর্মকর্তা ওই জমি রুবি আক্তারকে বুঝিয়ে দিতে উপজেলা ভূমি কর্মকর্তাকে নির্দেশ দেন।
অমিও বালার ঘরের মালামাল নামিয়ে জমিতে কাঁটাতারের বেড়া দেয় তারা।
বাঁধা দিলে শিপনের লোকজন আমিয় ও তার ছেলেকে মারধর করে।
এ সময় সাংবাদিকরা ঘটনাস্থলে গেলে পুলিশ গিয়ে দখল প্রক্রিয়া সাময়িকভাবে বন্ধ করার নির্দেশ দেয়।
এদিকে, রুবি আক্তারের আবেদনের প্রেক্ষিতে লিজকৃক জমি বুঝিয়ে দেয়ার নির্দেশ দেয়া কথা স্বীকার করলেও রাজাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবা বেগম বলেন, “জমিটি আমি ডিসিআর দেইনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “১৯৯৮ সালে বা তারও আগে ডিসিআর নেয়া হতে পারে।
“কাগজপত্র না দেখে সঠিক তারিখ বলতে পারবো না।”
জমিটি নিয়ে আদালতে মামলা চলছে কিনা তাও তিনি জানেন না বলে দাবি করেন তিনি।
