পুলিশ ব্যারাকে খুন হওয়া নান্নুর মোবাইল ফোন উদ্ধার
রাজারবাগ পুলিশ ব্যারাকের একটি ভবনের ছাদে নিহত আব্দুল জলিল নান্নু মুন্সির মোবাইল ফোন উদ্ধার করেছে পুলিশ।
পল্টন থানার ওসি মোরশেদ আলম জানান,বৃহস্পতিবার দুপুরে রাজারবাগ পুলিশ ব্যারাকের মাঠ সংলগ্ন পুকুর থেকে তা উদ্ধার করেন তারা।
মঙ্গলবার সকালে পুরাতন ট্রাফিক ভবনের ছাদে কবিরাজ নান্নু মুন্সীর মস্তকবিহীন লাশ পাওয়া যায়। পরে ওই পুকুর থেকে কাটা মুণ্ডু উদ্ধার করা হয়।
এই হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে কনস্টেবল শওকত হোসেন নামে এক পুলিশ সদস্যকে গ্রেপ্তারের পর তার দেয়া তথ্যে মুণ্ডুটি উদ্ধার করা হয়। শওকতকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে পেয়েছে পুলিশ।
ওসি মোরশেদ বলেন, শওকত একাই এই হত্যাকাণ্ড ঘটিয়েছে বলে দাবি করেছে।
“হত্যার আলামত দেখে মনে হচ্ছে, কয়েকজন মিলে এ হত্যাকাণ্ড ঘটিয়েছে।”
তিনি বলেন, মৃতের দেহের ফরেনসিক রিপোর্ট দেখে পুলিশ বলতে পারবে আসলে নিহতকে কোনো চেতনানাশক ওষুধ খাওয়ানোর পর খুন করা হয়েছিল কি না।
ঢাকা মহানগর পুলিশের মতিঝিল বিভাগের অতিরিক্ত উপকমিশনার মো. আসাদুজ্জামান বলেন, পুলিশ প্রাথমিক তদন্তে অনেকটা নিশ্চিত হয়েছে নান্নু মুন্সি ‘জিনের বাদশা’ পরিচয়ে শওকতের দাম্পত্য সমস্যার ‘ভুল’ চিকিৎসা করেছিল। এ ক্ষোভ থেকেই শওকত তাকে হত্যা করে।
কনস্টেবল শওকত বরখাস্ত ছিল জানিয়ে তিনি বলেন, “তার স্ত্রীর পারিবারিক বিরোধের অভিযোগের পরিপ্রেক্ষিতে সম্প্রতি তাকে বরখাস্ত করা হয়েছিল।”
