চুয়াডাঙ্গায় ছাত্রলীগের সংঘর্ষ
চুয়াডাঙ্গায় ছাত্রলীগের দুই পক্ষে সংঘর্ষের সময় হামলা হয়েছে আওয়ামী লীগ ও বিএনপির কয়েকজন নেতার বাড়িতে, ভাংচুর হয়েছে পুলিশের একটি গাড়ি।
বৃহস্পতিবার সন্ধ্যার পর এই সংঘর্ষের সূত্রপাত হয় বলে পুলিশ জানিয়েছে। এই সময় শহরের দোকান-পাট সব বন্ধ হয়ে যায়, রাস্তাঘাট হয়ে যায় ফাঁকা।
প্রত্যক্ষদর্শীরা জানায়, জামিনে মুক্ত ছাত্রলীগকর্মী মোমিনুল ইসলামকে বৃহস্পতিবার সন্ধ্যায় জেলা কারাগার থেকে নিয়ে ছাত্রলীগের এক পক্ষ আসার পথে ইমপ্যাক্ট হাসপাতালের কাছে দুটি হাতবোমার বিস্ফোরণ ঘটানো হয়।
এরপরই শহরের বিভিন্ন স্থানে দুই পক্ষের সশস্ত্র মহড়া শুরু হয়। সন্ধ্যা সাড়ে ৭টা থেকে রাত ১০টা পর্যন্ত তাদের ধাওয়া-পাল্টা ধাওয়া চলে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের গাড়ি শহরে টহল দেয়া শুরু করলে একটি পিকআপভ্যান ছাত্রলীগকর্মীরা ভাংচুর করে বলে সদর থানার ওসি এরশাদুল কবির চৌধুরী সাংবাদিকদের জানান।
তিনি বলেন, “পুলিশ লাইন থেকে পুলিশের একটি ভ্যান আসার সময় ইট-পাটকেল ছোড়া হলে গাড়ির বাম দিকের একটি কাচ ভেঙে যায়। আহত হয় শহিদুল ইসলাম (২২) নামে এক কনস্টেবল।”
ছাত্রলীগের একটি পক্ষ ইম্প্যাক্ট হাসপাতালের সাইনবোর্ড এবং কয়েকটি দোকান ও ৫-৬টি অটোরিকশা ভাংচুর করে।
ওই সময় জেলা বিএনপির নেতা খন্দকার আব্দুল জব্বারের ব্যক্তিগত অফিস এবং সৈয়দ কামরুজ্জামানের অফিস ভাংচুর করা হয়।
এরপর রাত ৮টা দিকে শহরের রেলপাড়ার আওয়ামী লীগ নেতা শফিকুল ইসলাম শফির বাড়িতে হামলা হয়।
তিনি সাংবাদিকদের বলেন, তার ছেলের মোটর সাইকেলে আগুন ধরিয়ে দেয়া হয়। তার স্ত্রী শাহেদা খানম অ্যানির (৪০) হাতে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়।
আহত শাহেদা খানমকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এই সংঘর্ষের বিষয়ে জানতে যোগাযোগের চেষ্টা করা হলেও ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।
রাত ১০টা দিকে পরিস্থিতি শান্ত হয়। ওসি তখন বলেন, পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে।
ফখরুলের নিন্দা
চুয়াডাঙ্গায় বিএনপির কার্যালয়ে হামলার নিন্দা জানিয়ে এতে জড়িতদের শাস্তি দাবি করেছেন দলের কেন্দ্রীয় ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তিনি এক বিবৃতিতে বলেন, “ছাত্রলীগের সন্ত্রাসীরা জেলা কার্যালয়ে হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর এবং অগ্নিসংযোগ করেছে। ছাত্রলীগের দুই গ্রুপের আধিপত্য বিস্তারের ঘটনা ভিন্নখাতে প্রবাহিত করার জন্য এই ঘটনা ঘটানো হয়েছে বলে আমরা মনে করি।”
ফখরুল বলেন, সরকারি দলের ‘সন্ত্রাসীরা’ সারা দেশে জুলুম নির্যাতন করছে। এর সর্বশেষ উদাহারণ চুয়াডাঙ্গার ঘটনা।
