২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মুণ্ডুহীন লাশ উদ্ধার: গ্রেপ্তার শওকত ৩ দিনের রিমান্ডে

রাজারবাগ পুলিশ ব্যারাকের একটি ভবনের ছাদ থেকে মুণ্ডুহীন লাশ উদ্ধারের ঘটনায় গ্রেপ্তার কনস্টেবল শওকত হোসেনকে জিজ্ঞাসাবাদের জন্য তিন দিনের পুলিশ হেফাজতে নেয়ার অনুমতি দিয়েছে আদালত।

আদালত প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jan 2014, 07:01 PM

Updated : 01 Sep 2026, 12:17 PM

বৃহস্পতিবার তাকে ঢাকার মহানগর হাকিম আসাদুজ্জামান নূরের আদালতে হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের হেফাজত চান পল্টন থানার পরিদর্শক (তদন্ত) মোজাম্মেল হোসেন।

রিমান্ড আবেদনের শুনানি শেষে বিচারক তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

মঙ্গলবার সকালে রাজারবাগ ট্রাফিক পুলিশ লাইনের পুরাতন ট্রাফিক ভবনের ছাদ থেকে মুণ্ডুহীন একজনের লাশ পাওয়া যায়। পরে ব্যারাকের পাশের পুকুর থেকে কাটা মুণ্ডু উদ্ধার করা হয়।

ওইদিনই ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে নিহতকে আব্দুল জলিল নান্নু ওরফে নান্নু মুন্সী হিসেবে সনাক্ত করে তার শ্যালক যশোরের জয়নাল। পেশায় নান্নু একজন কবিরাজ।

তার বক্তব্যের সূত্র ধরেই দুপুরে রাজারবাগ থেকে কনস্টেবল শওকতকে গ্রেপ্তার করা হয়। যে ভবনের ছাদে লাশ পাওয়া গেছে, তার চতুর্থ তলায় থাকতেন শওকত।

পরদিন বুধবার শওকতের দেখানো মতে নান্নুর কর্তিত মস্তক উদ্ধার করার পর মামলা করেন পল্টন থানার উপ-পরিদর্শক মো. শহীদুল্লাহ।

রিমান্ডের আবেদনে বলা হয়, শওকতের স্ত্রীর সঙ্গে নান্নুর পরকীয়া সম্পর্কের জের ধরে এই হত্যাকাণ্ড হয়েছে বলে কথা ওঠায় হত্যার প্রকৃত রহস্য উদ্ঘাটনের জন্য আসামিকে জিজ্ঞাসাবাদ জরুরি।

গ্রেপ্তার পুলিশের তথ্যে পুকুরে মিলল মুণ্ডু