২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুড়িগ্রাম-৪ আসনে জেপি প্রার্থী বিজয়ী

দশম জাতীয় সংসদ নির্বাচনে কুড়িগ্রাম-৪ আসনের স্থগিত দুই কেন্দ্রের ভোট গ্রহণ শেষে জেপি (মঞ্জু) প্রার্থী রুহুল আমিন বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন।

কুড়িগ্রাম প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jan 2014, 06:54 PM

Updated : 01 Sep 2026, 12:17 PM

জেলা রিটার্নিং অফিসার ও কুড়িগ্রামের জেলা প্রশাসক এ বি এম আজাদ এ ফলাফল নিশ্চিত করেন।

মোট ৩২ হাজার ৬০৭ ভোট পেয়ে বিজয়ী হন জেপি (মঞ্জু) প্রার্থী রুহুল আমিন (বাইসাইকেল) । নিকটতম প্রতিদ্বন্দ্বী  আওয়ামী লীগের মো. জাকির হোসেন (নৌকা প্রতীক) পেয়েছেন ২৪ হাজার ৯৩৯ ভোট।

সহিংসতা ও অনিয়মের কারণে গত ৫ জানুয়ারি কেরমতিয়া সিনিয়র মাদ্রাসা ও চর বন্দবেড় সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রের ভোট গ্রহণ স্থগিত করে জেলা রিটার্নিং কর্মকর্তা।

পরে ১৬ জানুয়ারি ভোট গ্রহণের কথা থাকলেও আওয়ামী লীগ প্রার্থী জাকির হোসেনের হাইকোর্টে করা এক রিট আবেদনের প্রেক্ষিতে ভোট গ্রহণ হাই কোর্ট ৪ সপ্তাহের জন্য স্থগিত করে।

পরে ১৯ জানুয়ারি প্রধান নির্বাচন কমিশনার ও জেপি প্রার্থী রুহুল আমিনের আপিলের প্রেক্ষিতে সুপ্রমকোর্টের আপিল বিভাগ হাই কোর্টের স্থগিতাদেশ স্থগিত করে ভোট গ্রহণের নির্দেশ দেয়।

কুড়িগ্রামের ভোট সম্পন্ন হওয়ার মধ্য দিয়ে দশম সংসদের ৩০০ আসনের নির্বাচন শেষ হলো।

এতে আওয়ামী লীগ ২৩৪, জাতীয় পার্টি (এরশাদ) ৩৪, ওয়ার্কার্স পার্টি ৬, জাসদ ৫, জেপি ২, তরিকত ফেডারেশন ২, বিএনএফ ১ এবং স্বতন্ত্র ১৬টি আসন পেয়েছে।

এরমধ্যে যশোর-১ ও যশোর-২ আসনের ফলাফলের গেজেট এখনো প্রকাশ করা হয়নি। এছাড়া প্রধানমন্ত্রীর ছেড়ে দেয়া রংপুর-৬ আসনে উপনির্বাচন হবে আগামী ২০ ফেব্রুয়ারি।