সাতক্ষীরায় ক্ষতিগ্রস্তদের বাড়ি নির্মাণ শুরু
জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর ফাঁসির রায়ের পর এবং নির্বাচনকে কেন্দ্র করে ১৮ দলীয় জোটের সহিংসতায় সাতক্ষীরায় ক্ষতিগ্রস্তদের বাড়ি নির্মাণের কাজ শুরু করেছে সরকার।
প্রধানমন্ত্রীর নিদের্শেরে পর বৃহস্পতিবার থেকে এ নির্মাণ কাজ শুরু করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর ফাঁসির রায় ঘোষণার পর সাতক্ষীরায় আওয়ামী লীগ নেতাকর্মীসহ সংখ্যালঘুদের বাড়ি-ঘলে ব্যাপক ভাংচুর ও অগ্নিসংযোগ করে জামায়াত-শিবির। এছাড়া নির্বাচনকে কেন্দ্র করে চালানো হয় দ্বিতীয় দফায় ব্যাপক তাণ্ডব।
সাতক্ষীরা ৩৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কে এম ইমাম আহসান জানান, গত ২০ জানুয়ারি প্রধানমন্ত্রী সাতক্ষীরা পরিদর্শনের গিয়ে ক্ষতিগ্রস্তদের মধ্যে অনুদানের চেক দেয়াসহ বাড়ি-ঘর পুনর্নির্মাণ করে দেয়ার নির্দেশ দেন বিজিবিকে।
এরই ধারাবাহিকতায় সদর উপজেলার কুচপুকুর গ্রামে জামায়াত-শিবিরের হামলায় নিহত আওয়ামী লীগকর্মী সিরাজুল ইসলামের বাড়ি নির্মাণের মধ্য দিয়ে শুরু হয়েছে এই কার্যক্রম।
প্রধানমন্ত্রীর নির্দেশে প্রথম পর্যায়ে সহিংসতায় নিহত ১৬ জনের বাড়ি নির্মাণের কাজ শুরু হয়েছে। পর্যায়ক্রমে আরও ৮৫ ক্ষতিগ্রস্তের বাড়ি নির্মাণের কাজ করা হবে।
ইমাম আহসান আরো জানান, ৫ ইঞ্চি পুরু পাকা দেওয়াল ও ৪০০ বর্গফুটের প্রতিটি ঘর তৈরিতে দেড় লাখ টাকা করে খরচ হবে।
