২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিচারিক তদন্ত চায় চট্টগ্রামে ‘বন্দুকযুদ্ধে’ নিহতদের পরিবার

নয়দিন আগে চট্টগ্রামে পুলিশের সঙ্গে কথিত ‘বন্দুকযুদ্ধে’ রাজীব ও নাসিরের মৃত্যুর ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত দাবি করেছেন তাদের স্বজনরা।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jan 2014, 05:32 PM

Updated : 01 Sep 2026, 12:17 PM

চট্টগ্রামে ‘বন্দুকযুদ্ধ’: পুলিশ বলছে এক, নিহতদের পরিবার আরেক

চট্টগ্রামে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ২

চট্টগ্রামে ছুরিকাঘাতে পুলিশ নিহত

বৃহস্পতিবার সকালে চট্টগ্রাম প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে নিহত ওই দুজনকে নিরপরাধ দাবি করেন তাদের পরিবারের সদস্যরা।

গত ১৫ জানুয়ারি নগরীর হালিশহর থানার বন্দর টোল রোডে পুলিশের সঙ্গে কথিত ‘বন্দুকযুদ্ধে’ নিহত হন ইসমাইল হোসেন রাজীব (২৫) ও নাসির উদ্দিন (৩২)।

পুলিশের দাবি, নিহত দুজনই গত ১৩ জানুয়ারি আগ্রাবাদে পুলিশ সদস্য ফরিদ উদ্দিন হত্যায় জড়িত সংঘবদ্ধ ছিনতাইকারী চক্রের সদস্য।

পরিবারের পক্ষ থেকে ওই দুজনকে ‘নিরাপরাধ’ বলা হলেও এখন পর্যন্ত কোনো মামলা করেননি দুই পরিবারের কেউ।

বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে নিহত নাসিরের বড় বোন জেসমিন আক্তার লিখিত বক্তব্য পাঠ করেন।

তিনি বলেন, “আমার ভাই নাসিরের নামে থানায় কোনো মামলা দূরের কথা কোনো জিডিও নাই। সে কোনো রাজনীতিও করত না। বিচার বিভাগীয় তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীরদের আইনের আওতায় এনে সুষ্ঠু বিচার দাবি করছি।

দুই পরিবারকে পুনর্বাসনের জন্য প্রধানমন্ত্রীর কাছে আবেদন জানান জেসমিন।

নিহত নাছিরের স্ত্রী রোকসানা আক্তার কান্নায় ভেঙ্গে পড়ে বলেন, “আমি স্বামী-সন্তান নিয়ে বাঁচতে চেয়েছিলাম। যে আমার সন্তানকে বাবা হারা করেছে তার উপযুক্ত শাস্তি চাই।

“যাকে নিয়ে বাঁচার কথা সে নেই। এখন আমি কিভাবে সন্তানকে মানুষ করব। আমি কি আত্মহত্যা করব? আপনারাই বলে দিন।”

নাসির পারিবারিক একটি ট্রাক চালাত এবং নিহত রাজীব নগরীর হাজী পাড়া এলাকায় একটি তেলের দোকানের মালিক ছিল।

ভয়-ভীতির কারণে মামলা করা থেকে বিরত আছেন কি না- সাংবাদিকরা জানতে চাইলে জেসমিন বলেন, “আমার ভাই নিরপরাধ-এটা আপনাদের মাধ্যমে প্রধানমন্ত্রীকে জানাতে চাই। নিরপরাধ এক ভাইকে হারিয়েছি। নির্মমভাবে হত্যার পর কি আর কোনো হুমকির প্রয়োজন পড়ে।

“এক ভাইকে হারিয়েছি আবার অন্য ভাইদের যদি ধরে নিয়ে ক্রসফায়ারে দেয়। সে ভয় তো আছেই।”

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন নিহত রাজীবের স্ত্রী নাজমা আক্তার, নিহত রাজীবের ভাই মোহাম্মদ বাবুল এবং রাজীবের সন্তান সামিয়া ও নাসিরের ছেলে শাওন।

গত ১৩ জানুয়ারি রাত সাড়ে ১০টার দিকে নগরীর আগ্রাবাদ ব্যাংক কলোনি গেইটের সামনে দুষ্কৃতকারীদের ছুরিকাঘাতে নিহত হন পুলিশ সদস্য ফরিদ উদ্দিন (৪৫)।

নিহত ফরিদ দামপাড়া পুলিশ লাইনে নায়েক হিসেবে কর্মরত ছিলেন। ঘটনার সময় তিনি পুলিশের পোশাকে ছিলেন।

ঘটনাস্থলের কাছেই সিঅ্যান্ডবি কলোনির সরকারি বাসায় পরিবার নিয়ে থাকতেন নিহত ফরিদ। এর অদূরেই আগ্রাবাদ এক্সেস সড়কের পাশে নিহত রাজীবের তেলের দোকান। রাজীব ও নাসিরের বাড়িও এর কাছেই হাজীপাড়ায়।

পুলিশ হত্যার ঘটনায় মঙ্গলবার ডবলমুরিং থানার উপ-পরিদর্শক (এসআই) আমিনুল ইসলাম বাদি হয়ে একটি মামলা করেন।

এরপর ১৫ জানুয়ারি সকালে হালিশহর থানাধীন বন্দর টোল রোড এলাকায় পুলিশের সঙ্গে কথিত ‘বন্দুকযুদ্ধে’ রাজীব ও নাসির নিহত হয়।