খন্দকার মাহবুবের জামিন, হয়রানি না করার নির্দেশ
নাশকতায় উস্কানির একটি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা ও বাংলাদেশ বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান খন্দকার মাহবুব হোসেনকে জামিন দিয়েছে হাই কোর্ট।
বিচারপতি নাঈমা হায়দার ও বিচারপতি জাফর আহমেদের বেঞ্চ বৃহস্পতিবার শুনানি করে অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করেন।
পাশাপাশি তাকে কেন স্থায়ী জামিন দেয়া হবে না- তা জানতে চেয়ে একটি রুলও জারি করেছে আদালত। ওই রুলের নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তার অর্ন্তবর্তীকালীন জামিন কার্যকর থাকবে।
এদিকে খন্দকার মাহবুবের স্ত্রীর আবেদনের শুনানি করে যথাযথ আইনি প্রক্রিয়া ছাড়া এই আইনজীবী নেতাকে নতুন কোনো মামলায় গ্রেপ্তার বা হয়রানি না করার নির্দেশ দিয়েছে হাই কোর্টের আরেকটি বেঞ্চ।
মাহবুবের আইনজীবীরা বলছেন,এখন তার কারামুক্তিতে আর কোনো বাধা নেই।
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান খন্দকার মাহবুব হোসেনকে মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ। ছবি: বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
সুপ্রিম কোর্টের আইনজীবী খন্দকার মাহবুবকে গত ৭ জানুয়ারি জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ।
এরপর পুলিশের দায়িত্ব পালনে বাধা, ভাংচুর ও বোমা হামলায় উস্কানির অভিযোগে রমনা থানার এক মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়।
বিচারিক আদালত গত ৮ জানুয়ারি তাকে দুই দিনের পুলিশ রিমান্ডে পাঠালেও হাই কোর্ট ওই আদেশ প্রথমে স্থগিত এবং পরে ‘অবৈধ ও বাতিল’ ঘোষণা করে।
রমনা থানার এই মামলায় খন্দকার মাহবুব বিচারিক আদালতে জামিন চাইলেও বিচারক বুধবার তা নাকচ করে দেন। এরপর তিনি হাই কোর্টে আসেন।
এদিকে খন্দকার মাহবুবের স্ত্রী ফরহাত হোসেনের একটি আবেদনে বিচারপতি সালমা মাসুদ চৌধুরী ও বিচারপতি হাবিবুল গণির বেঞ্চ আরেকটি আদেশ দিয়েছে, যাতে বলা হয়েছে, যথাযথ আইনি প্রক্রিয়া ছাড়া খন্দকার মাহবুবকে নতুন করে কোনো মামলায় গ্রেপ্তার বা হয়রানি করা যাবে না।
খন্দকার মাহবুবের রিমান্ড বাতিল
মাহবুব-সেলিমাসহ বিএনপির ৪ নেতা গ্রেপ্তার
