২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে খুনের আসামিকে কুপিয়ে হত্যা

চট্টগ্রাম নগরীতে একটি হত্যা মামলার আসামিকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

চট্টগ্রাম ব্যুরো

মোস্তাফিজুর রহমান,

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jan 2014, 09:45 PM

Updated : 01 Sep 2026, 12:17 PM

নিহত মো. হোসেন (৩০) আকবর শাহ থানার লতিফপুরের হাসি মেম্বার বাড়ির হাশেম খানের ছেলে।

হত্যার ঘটনায় জড়িত থাকার অভিযোগে রাতে তিন জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশ জানায়, ওই এলাকায় প্রায় দেড় মাস আগে বেলাল নামের এক ব্যক্তিকে খুনের মামলায় হোসেন এজাহারভুক্ত দুই নম্বর আসামি।

আকবর শাহ থানার ওসি আব্দুল মজিদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বুধবার রাতে হোসেনকে ধরে নিয়ে কুপিয়ে ও মারধর করে গুরুতর আহত করে দুর্বৃত্তরা।

“পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। হোসেন এলাকার বেলাল হত্যা মামলার আসামি।”

নিহতের ভাই বদি আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বেলালের পরিবারের লোকজন আমার ভাইকে ধরে নিয়ে মারধর করে বলে শুনেছি।

“তবে কারা জড়িত আমি জানি না। হোসেনের সঙ্গে আমাদের তেমন যোগাযোগ নেই। সে নগরীর একটি বিপণি কেন্দ্রের এক দোকানে খলিফা হিসেবে কাজ করত।”

নিহত হোসেন লতিফপুরের বেলাল হত্যা মামলার আসামি কি না জানতে চাইলে বদি আলম বলেন, আমি এটা জানি না।

চট্টগ্রাম ন্গর পুলিশের সহকারী উপকমিশনার (পশ্চিম) এস এম তানভীর আরাফাত বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এলাকাবাসীর দেয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে হাসান, শাহেদ ও শাহিন নামে তিনজনকে আটক করা হয়েছে।

এদের মধ্যে হাসান দেড় মাস আগে নিহত বেলালের ভাই বলে জানান তিনি।