অনিয়ম পেলেই ব্যবস্থা: মন্ত্রী
কারো বিরুদ্ধে অনিয়মের প্রমাণ পেলে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেয়া হবে বলে বিআরটিএর কর্মকর্তা-কর্মচারীদের সতর্ক করেছেন যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের।
বুধবার বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি বলেন, “বিআরটিএ সম্পর্কে বিভিন্ন জায়গায় অভিযোগ শোনা যায়। কোনো অভিযোগ যদি প্রমাণিত হয় তবে সংশ্লিষ্টদের ব্যাপারে ব্যবস্থা নিতে সরকার বিলম্ব করবে না।”
বিআরটিএকে ‘দালালদের’ প্রভাবমুক্ত রাখতেও সবার প্রতি আহ্বান জানান মন্ত্রী।
তেঁজগাওয়ের বিআরটিএ মিলনায়তনে সভায় যোগাযোগমন্ত্রী বলেন, যোগাযোগ ব্যবস্থাকে আরো এগিয়ে নিতে সরকার একটি জনবান্ধব নীতিমালা তৈরি করতে চায়।
তিনি বলেন, “দেশের যোগাযোগ ব্যবস্থাকে আরো এগিয়ে নিতে চায় সরকার। এজন্য একটি জনবান্ধব নীতিমালা তৈরি করতে চায়।”
সভায় অন্যদের মধ্যে বিআরটিএর চেয়ারম্যান মো. নজরুল ইসলাম, পরিচালক মশিউর রহমান, যোগাযোগমন্ত্রীর জনসংযোগ কর্মকর্তা শেখ ওয়ালিদ ফয়েজ উপস্থিত ছিলেন।
