রাজধানীতে বাসচাপায় চালক নিহত
রাজধানীর সায়দাবাদে ট্রাফিক পুলিশের সঙ্গে কথা বলে নিজের বাসে উঠার সময় অন্য একটি বাসের চাপায় এক চালক নিহত হয়েছেন।
নিহত রোবেল আবেদীন রিপন (৩২) জিএম পরিবহনের বাসের চালক ছিলেন।
বুধবার সকাল সাড়ে ১০টার দিকে সায়েদাবাদ মোড়ে এ দুর্ঘটনা ঘটে বলে নিহতের সহকারী মফিজ জানান।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে সাংবাদিকদের তিনি বলেন, “সায়দাবাদ মোড়ে ওস্তাদকে (চালককে) পুলিশ ডাক দেন। ওস্তাদ গাড়ি থামিয়ে পুলিশের সঙ্গে কথা বলে আবার গাড়িতে উঠার সময় পিছন থেকে অনাবিল পরিবহনের একটি বাস তাকে চাপা দেয়।”
গুরুতর আহত অবস্থায় বেলা পৌনে ১২টার দিকে রিপনকে ঢাকা মেডিকেলে আনা হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) এমরানুল ইসলাম বলেন, অনাবিল পরিবহনের বাসটি আটক করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছে।
নিহত রিপনের বাড়ি জামালপুরের বংশীগঞ্জে। রাজধানীর পূর্ব বাড্ডায় থাকতেন তিনি।
