২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঘন কুয়াশায় দুর্ঘটনা, নিহত ৩

ঘনকুয়াশার কারণে নাটোর ও সিরাজগঞ্জের তিন এলাকায় ট্রাকে ট্রাকে সংঘর্ষে অন্তত তিনজনের মৃত্যু হয়েছে।

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jan 2014, 12:55 PM

Updated : 01 Sep 2026, 12:16 PM

বুধবার সকালে নাটোরের বড়াইগ্রাম উপজেলার আঘ্রাণ এলাকায় নাটোর-ঢাকা মহাসড়কে চার ট্রাকের সংঘর্ষে দুইজন নিহত হন।

আর সিরাজগঞ্জের দুর্ঘটনা দুটি ঘটে মূলিবাড়ি ও তাড়াশ উপজেলায় বঙ্গবন্ধু সেতুগামী মহাসড়কে। এসব ঘটনায় একজন নিহত ও অন্তত ২০ জন আহত হন।

নাটোরের বনপাড়া মহাসড়ক পুলিশের উপ-পরিদর্শক নিকুঞ্জ কুমার জানান, সকাল পৌনে ৮টার দিকে বড়াইগ্রামের আট নম্বর সেতুর কাছে সিমেন্ট ও পাথর বোঝাই চার ট্রাকের মধ্যে সংঘর্ষ হয়।

তীব্র কুয়াশার মধ্যে প্রথমে দুই ট্রাকের সংঘর্ষ পর পেছন থেকে আরো দুটি ট্রাক এসে সজোরে ধাক্কা খেলে একটি ট্রাক উল্টে সেতুর নিচে পড়ে যায়।

এতে ওই ট্রাকের চালক সেলিম হোসেন (৩৫) ও তার সহকারী নজরুল ইসলাম (২৮) মারা যান।

উপ-পরিদর্শক নিকুঞ্জ কুমার বলেন, “ঘন কুয়াশার কারণে চালকরা একে অপরকে দেখতে না পারায় এ দুর্ঘটনা ঘটে। উল্টে যাওয়া ট্রাকের নিচে আরও কেউ আটকে আছে কি-না তা দেখা হচ্ছে।”

তিনি জানান,  ফায়ার ব্রিগেড কর্মীরাও উদ্ধারকাজে অংশ নিচ্ছেন। তবে উল্টানো ট্রাকের সিমেন্ট ও পাথরের কারণে উদ্ধারকাজে সময় লাগছে।

বাকি তিনটি ট্রাকও রাস্তার পাশে কাত হয়ে আছে।

এদিকে সিরাজগঞ্জের মূলিবাড়িতে দুর্ঘটনাটি ঘটে সকাল সোয়া ৭টার দিকে।

বঙ্গবন্ধু সেতুর পশ্চিমপাড় থানার পরিদর্শক (তদন্ত) আব্দুল হালিম জানান, ঘনকুয়াশার কারণে চালকদের দৃষ্টিসীমা কমে আসায় প্রথমে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময়ই একটি প্রাইভেটকার ও দুটি বাস পিছন থেকে এসে ট্রাক দুইটিকে ধাক্কা দেয়।

এতে রাস্তার পাশে থামিয়ে রাখা আরেকটি ট্রাকেও ধাক্কা লাগে। ছয়টি বাহনই ক্ষতিগ্রস্ত হয়।

দুর্ঘটনায় গুরুতর আহত ট্রাকচালক জাহাঙ্গীর আলমকে (২২) হাসপাতালে নেয়ার পর তার মৃত্যু হয়। তার বাড়ি যশোরের বেনাপোলে।

এছাড়া আরো নয়জনকে আহত অবস্থায় সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে ঝিনাইদহের অলিপ ও বগুড়ার জাকির হোসেনের অবস্থা গুরুতর বলে জানিয়েছে পুলিশ।

এদিকে সকাল ৮টার দিকে মান্নাননগরে নাটোর-বনপাড়া মহাসড়কে একইভাবে সংঘর্ষ হয় পাঁচটি ট্রাকের মধ্যে।

তাড়াশ থানার ওসি আব্দুর রফিক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সেখানে আহত ১০ জনের মধ্যে পাঁচ জনের অবস্থা গুরুতর। তাদের নাটোরের বনপাড়া হাসপাতালে পাঠানো হয়েছে।