মানবাধিকার: ‘পেছনে হাঁটছে বাংলাদেশ’
একাত্তরে মানবতাবিরোধী অপরাধের বিচার আর রাজনৈতিক অস্থিরতা মিলিয়ে গত বছরে বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি আরো নাজুক হয়েছে বলে হিউম্যান রাইটস ওয়াচের পর্যবেক্ষণ, যুদ্ধাপরাধের বিচার নিয়ে যাদের অবস্থান দেশে সমালোচিত।
২০১৩ সালে বৈশ্বিক মানবাধিকার পরিস্থিতি নিয়ে যুক্তরাষ্ট্রভিত্তিক এই মানবাধিকার সংগঠনটি মঙ্গলবার যে প্রতিবেদন প্রকাশ করেছে, তাতে বাংলাদেশ সম্পর্কে এই পর্যবেক্ষণ তুলে ধরা হয়। ইংরেজির পাশাপাশি বাংলাও প্রতিবেদনটি তাদের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।
হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিও)বলেছে, “বাংলাদেশ ২০১৩ সালে মানবাধিকারের ক্ষেত্রে পিছনের দিকে চলে গেছে, কারণ সরকার সুশীল সমাজ, গণমাধ্যম এবং রাজনৈতিক বিরোধীদের ওপর কঠোর দমন-পীড়নে নিয়োজিত ছিল।”
বিক্ষোভ দমনে বাংলাদেশ সরকার ‘বেআইনিভাবে’ শক্তি প্রয়োগ করেছে বলে মানবাধিকার সংগঠনটির অভিযোগ। সেইসঙ্গে ‘বেআইনি’ মৃত্যুর তদন্তেও ব্যর্থতার জন্য সরকারের সমালোচনা করেছে তারা।
হিউম্যান রাইটস ওয়াচের এশিয়া বিভাগের পরিচালক ব্র্যাড অ্যাডামস বলেন, “এই বছরটি বাংলাদেশের জন্য মর্মান্তিক ছিল, রাজনৈতিক অস্থিরতার জন্য বিক্ষোভকারী, সুরক্ষা কর্মী ও পথচারীদের অকারণ মৃত্যু ঘটেছে।”
“সরকার সুরক্ষা বাহিনীর আইন লঙ্ঘনের ক্ষেত্রে তদন্তের নির্দেশ দেয়নি এবং এজন্য হিংসার চক্রটিকে ভেঙে ফেলতে ব্যর্থ হয়েছে। বরং সরকার বিক্ষোভের ক্ষেত্রে তার অসহনীয়তা বাড়িয়ে চলেছে এবং বিরোধীদের ও সমালোচনাকে দমন করার জন্য চরম পদক্ষেপগুলো গ্রহণ করার দিকে অগ্রসর হয়েছে।”
গত বছরের শুরুতে একাত্তরের যুদ্ধাপরাধীদের বিচারের রায়ের পর থেকে জামায়াতে ইসলামীর তাণ্ডবে দেশজুড়ে সহিংসতা ছড়িয়ে পড়ে, বছরের শেষ পর্যন্ত বিভিন্ন রায় ধরে তা অব্যাহত ছিল।
মানবাধিকার সংগঠনটি বাংলাদেশে যুদ্ধাপরাধের বিচারের প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তোলে, যাকে মানবতাবিরোধী অপরাধীদের পক্ষে সাফাই হিসেবে দেখে আসছে বাংলাদেশের অনেকে।
তৎকালীন আইনমন্ত্রী শফিক আহমেদ মানবাধিকার সংগঠনটির তৎপরতাকে বিচার প্রক্রিয়ার ওপর অযাচিত হস্তক্ষেপ বলেও মন্তব্য করেন। গোলাম আযমের রায় নিয়ে মন্তব্যের জন্য সংগঠনটির বিরুদ্ধে ট্রাইব্যুনাল কারণ দর্শানোর নোটিসও জারি করে।
যুদ্ধাপরাধীদের বিচার দাবিতে আন্দোলনকারীদের মতে, একাত্তরে গণহত্যাকারীদের বিচার ঠেকাতে লবিইস্ট নিয়োগ করেছে জামায়াত।
হিউম্যান রাইটস ওয়াচও গণহত্যাকারীদের বাঁচাতে চাইছে বলে অভিযোগ আন্দোলনকারীদের।
সংগঠনটির প্রতিবেদনে বলা হয়, ফেব্রুয়ারিতে বাংলাদেশের রাস্তায় সহিংস বিক্ষোভ শুরু হয় এবং সারা বছর তা চলতে থাকে এবং এতে প্রায় ২০০ জন মারা যায় এবং হাজারেরও বেশি আহত হয়।
“আগের বিক্ষোভগুলোর সঙ্গে ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইবুন্যাল (আইসিটি)-এর নেয়া সিদ্ধান্তগুলোর যোগসূত্র ছিল, যা হল ১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধ চলাকালীন ঘটা অপরাধ ও অন্যান্য নির্যাতনগুলোর জন্য দায়ী ব্যক্তিদের বিচারের জন্য গঠিত একটি দেশীয় আদালত।”
যুদ্ধাপরাধী আব্দুল কাদের মোল্লাকে জামায়াতে ইসলামীর একজন বর্ষীয়ান সদস্য উল্লেখ করে প্রতিবেদনে বলা হয়, “মৃত্যুদণ্ড কার্যকরের পর বছরের শেষে আরো বিক্ষোভ ও সহিংসার ঘটনা ঘটে।
“প্রসঙ্গত আন্তর্জাতিক আইনকে লঙ্ঘন করে আইসিটির আইনে কর্মপরম্পরাগত সংশোধনীগুলো অনুসরণ করে তাকে অভিযুক্ত করা হয় ও মৃত্যুদণ্ড প্রদান করা হয়।”
হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদনে সহিংসতার জন্য সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলা হলেও এক্ষেত্রে জামায়াতের ভূমিকার বিষয়ে কিছু বলা হয়নি। গাড়ি পুড়িয়ে, পেট্রল বোমা মেরে মানুষ হত্যার জন্য দায়ীদের বিষয়েও বলা হয়নি কিছু। আইনশৃঙ্খলা বাহিনীর ওপর হামলার বিষয়েও কিছু নেই।
ক্ষমতাসীনদের নির্যাতনের শিকার হিসেবে অধিকারের দুই কর্তাব্যক্তি আদিলুর রহমান খান ও নাসিরউদ্দিন এলানের নাম উল্লেখ করা হয়েছে প্রতিবেদনে, যারা হেফাজতবিরোধী মতিঝিল অভিযানের তথ্য বিকৃতির জন্য অভিযুক্ত।
এছাড়া বিএনপি নেতা, ‘নাস্তিক’ ব্লগার এবং একজন ‘প্রধান’ সংবাদপত্রের সম্পাদককে গ্রেপ্তারের কথা উল্লেখ করা হয়েছে প্রতিবেদনে।
নির্বাচন পদ্ধতি নিয়ে আওয়ামী লীগ-বিএনপি মতপার্থক্যে সহিংস ঘটনার জন্য অবশ্য দুই পক্ষকে দায়ী করেছে হিউম্যান রাইটস ওয়াচ।
“বিরোধী দলগুলো তাদের সমর্থকদেরকে হিংসা থেকে বিরত রাখতে ব্যর্থ হয়েছে, অন্য পক্ষে রাষ্ট্রীয় বাহিনীগুলো আইন-শৃঙ্খলা বজায় রাখার জন্য কখনো কখনো চরম পদক্ষেপ গ্রহণ করেছে।”
ব্রাড অ্যাডামস ক্ষমতাসীন আওয়ামী লীগের সমালোচনা করে বলেন, “এই সরকার গণতন্ত্রের প্রতিশ্রুতি এবং আইনের শাসন ফিরিয়ে আনার প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় এসেছিল, কিন্তু বরং তারা ক্রমশ স্বৈরাচারী ও অসহিষ্ণু হয়ে উঠেছে।”
২০১৩ সালে রানা প্লাজা ধসে ১,১০০ জনেরও বেশি শ্রমিকের মৃত্যুর পরও সরকার পোশাক ও অন্যান্য শিল্পে কর্মীদের কাজের পরিবেশের উন্নতি করতে ব্যর্থ হয়েছে বলে হিউম্যান রাইটস ওয়াচের মূল্যায়ন।
গত বছরে বাংলাদেশে মানবাধিকার পরিস্থিতির ক্ষেত্রে ইতিবাচক দিক হিসেবে বিভিন্ন শ্রমিক নেতাদের বিরুদ্ধে মামলা প্রত্যাহার, লিমন হোসেনের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের বিষয়টি উল্লেখ করেছে।
অবমাননা: এইচআরডব্লিউকে কারণ দর্শানোর নির্দেশ
এইচআরডব্লিউর বিরুদ্ধে অবমাননার অভিযোগ
এইচআরডব্লিউকে পাল্টা প্রশ্ন তুরিনের
