চট্টগ্রামে হাসপাতালে বোমাসদৃশ বস্তু
চট্টগ্রামের প্রবর্তক মোড়ে বেসরকারি একটি হাসপাতালের এবাদতখানা থেকে বোমাসদৃশ বস্তু উদ্ধার করেছে র্যাব সদস্যরা।
মঙ্গলবার সকালে সিএসসিআর’র দশম তলার এবাদত খানায় এটি দেখার পর র্যাব সদস্যদের খবর দিলে তারা গিয়ে তা উদ্ধার করে।
র্যাব-৭ এর কর্মকর্তা মেজর মো. জাহাঙ্গীর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, একটি সাদা শোলার ওপরে সার্কিট ও দুটি পেন্সিল ব্যাটারি বসানো একটি বস্তু এবং একটি জর্দার কৌটা উদ্ধার করা হয়েছে, যার মধ্যে নুড়ি পাথর পাওয়া গেছে।
র্যাবের বোমা বিশেষজ্ঞ দল পরীক্ষা করে দেখেছে এতে কোনো বিস্ফোরক ছিল না।
এবাদতখানার ইমাম মাওলানা মোহাম্মদ ইসমাইল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, কোরআন শরিফ রাখার তাকে একটি নেটের ঝুড়িতে পেপার মোড়ানো অবস্থায় বোমাসদৃশ বস্তুটি পাওয়া যায়।
