বদলে যাচ্ছে সাম্প্রদায়িক হামলার শিকার মালোপাড়া
স্বাধীনতার ৪৩ বছরে মালোপাড়ায় যে উন্নয়নের ছোঁয়া না লাগেনি, সাম্প্রদায়িক হামলার আক্রান্ত পর এবার সে গাঁয়ের চেহারা বদলে যেতে শুরু করেছে।
গত ৫ জানুয়ারি দশম জাতীয় সংসদ নির্বাচনের পর সন্ধ্যায় যশোরের অভয়নগর উপজেলার চাপাতলা গ্রামের মালোপাড়ায় হামলা চালিয়ে হিন্দু ধর্মাবলম্বীদের বাড়িঘর ভাংচুর-লুটপাট ও অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা।
আগামী ২৩ জানুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনা মালোপাড়া পরিদর্শন করার কথা রয়েছে। তাই রাতারাতি উন্নয়নের কাজ শেষ করা তোড়জোর চলছে।
রাস্তা পাকা করা হচ্ছে। বসানো হচ্ছে বিদ্যুতের খুঁটি। ঘরে ঘরে দেয়া হচ্ছে বিদ্যুৎ সংযোগ। সমান তালে চলছে ক্ষতিগ্রস্তদের ঘরবাড়ি নির্মাণের কাজও।
মালোপাড়ার বাসিন্দা প্রহ্লাদ বর্মণ বলেন, প্রধানমন্ত্রীর আসার ঘোষণার পর রাস্তা খোড়াখুড়ি, ইট-বালু ফেলা আর সরকারি কর্মকর্তাদের দৌঁড়ঝাপ শুরু হয়েছে।
যে মালোপাড়ায় কেউ ফিরেও তাকাতো না, সেখানে এত নামিদামি মানুষের আনাগোনা আর অবাক করার মতো উন্নয়ন তৎপরতায় অনেকেই খুশি।
তবে এত সব উন্নয়নের চাইতে এ গাঁয়ের অনেকেরই বড় দাবি সেদিনের তাণ্ডবের হোতাদের দৃষ্টান্তমূলক শাস্তি।
এ পাড়ার বাসিন্দা কিশোর বর্মণ বললেন, “ওদের(হামলাকারীদের) শাস্তি আর আমাদের নিরাপত্তা নিশ্চিত হলেই আমরা বেশি খুশি হব।”
মালোপাড়ায় ঢুকতেই চোখে পড়বে কমিউনিটি ক্লিনিকটি নতুন রং করে সাজানো হয়েছে।
যশোর-খুলনা মহাসড়কের চেঙ্গুটিয়া থেকে মালোপাড়া পর্যন্ত রাস্তা পাকা করার কাজ চলছে।
যশোর এলজিইডি-র সহকারী প্রকৌশলী জাহিদ হোসেন বলেন, “প্রধানমন্ত্রী আসবেন তাই আপাতত ৫০০ মিটার রাস্তার কাজ দ্রুত শেষ করা হচ্ছে।
“এলাকার অন্য রাস্তাগুলো পর্যায় ক্রমে নির্মাণ করা হবে।”
এ কাজে টেন্ডার আহ্বানের নিয়ম আছে কিনা জানতে চাইলে তিনি বলেন, “কাজটি জরুরি ভাবে করা হচ্ছে। সরকারের জরুরি ফান্ড থেকে টাকা খরচ করছি।
“সে কারণে টেন্ডার ছাড়াই প্রায় কোটি টাকা ব্যয়ে চলছে দেড় কিলোমিটার রাস্তা নির্মাণের কাজ।”
এরমধ্যে ৩০ লাখ টাকা চেঙ্গুটিয়া থেকে মালোপাড়া পর্যন্ত ৫শ’ মিটার রাস্তা নির্মাণে খরচ হচ্ছে।
আশা করা হচ্ছে বুধবারের মধ্যে গ্রামটির মাটির রাস্তা পিচঢালা পথ হয়ে যাবে।
এছাড়া চলছে বিদ্যুতায়নের কাজ। বিদ্যুতের খুঁটিপোতা আর তাতে তার ঝেলানোও চলছে।
গ্রামটির ১২৫টি পরিবারকে বিনামূল্যে মিটারসহ বিদ্যুৎ সংযোগ দেয়া হচ্ছে।
যশোর পল্লীবিদ্যুৎ সমিতি-২ নওয়াপাড়া অঞ্চলের উপ-মহা ব্যবস্থাপক মো. শাহজাহান কবিরের আশা প্রধানমন্ত্রী আসার আগেই বিদ্যুতের সংযোগ লেগে যাবে।
অন্য দিকে সাম্প্রদায়িক তাণ্ডবে ক্ষতিগ্রস্ত ঘরবাড়ি বানিয়ে দেয়ার তত্বাবধানে ব্যস্ত বিজিবির সদস্যরা।
বিজিবির যশোর আঞ্চলিক সদর দপ্তরের কর্মকর্তা লে. কর্নেল মো. মোস্তাফিজুর রহমান জানান, সেদিনের হামলায় ক্ষতিগ্রস্ত ৬৫টি পরিবারের প্রত্যেককে তিন লাখ টাকা ব্যয়ে ঘর বানিয়ে দেবেন।
“প্রাথমিকভাবে যশোদা সরকার, শংকর বিশ্বাস ও সুনীল বিশ্বাসের ঘর ৩টি বানানো হচ্ছে।”
বৃহস্পতিবার প্রধানমন্ত্রী সেখানকার নওয়াপাড়া কলেজ মাঠে নামবেন তাই কলেজের ভবনেও রং চড়াতে তৎপর শিক্ষা প্রকৌশল বিভাগের কর্মকর্তরা।
