নীলফামারী ছাত্রদল নেতা আতিকুর হত্যায় মামলা
নীলফামারীতে আসাদুজ্জামান নূরের গাড়িবহরে হামলার দিনের একটি হত্যা মামলার আসামি ছাত্রদল নেতা আতিকুর রহমান আতিক হত্যায় হত্যা মামলা করেছে পুলিশ।
পরে সোমবার রাতে সৈয়দপুর থানার উপ-পরির্দশক সহিদুল ইসলাম বাদি হয়ে একটি হত্যা মামলা দয়ের করেন।
সোমবার সকালে সৈয়দপুর উপজেলার নাড়িয়ার ডাঙ্গা এলাকার রংপুর-দিনাজপুর বাইপাস সড়কের রাস্তার পাশ থেকে টুপামারী ইউনিয়ন ছাত্রদলের যুগ্ম-সাধারণ সম্পাদক আতিকের লাশ উদ্ধার হয়।
এ ব্যাপারে আতিকুরের বড় ভাই আমিনুল ইসলাম বলেন, পরিবারের পক্ষ থেকে কোন মামলা করা হবে কি না তা তিনি জানেন না।
গত সোমবার আতিককে নূরের গাড়ি বহরে হামলা ও চার আওয়ামী লীগ নেতাকর্মীসহ পাঁচজন নিহতের ঘটনায় মামলার আসামি বলে জানায় পুলিশ।
তবে মঙ্গলবার সদর থানার পরিদর্শক (তদন্ত) ও নূরের গাড়িবহরে হামলা মামলার বাদি বাবুল আক্তার বলেন, “এ মামলায় আতিক আসামি ছিলেন না।”
সেই দিনের হামলা ও সংঘর্ষে নিহত টুপামারী ইউনিয়ন কৃষক লীগের সভাপতি খোরশেদ আলম চৌধুরীর চাচাতো ভাই রাশেদ আলম চৌধুরীর করা হত্যা মামলায় আতিক ৪ নম্বর আসামি ছিলেন বলে জানান তিনি।
