বাল্য বিয়ের জন্য ফরিদপুরে বরসহ ৪ জনকে জরিমানা
বাল্য বিয়ে বন্ধের চেষ্টায় ব্যর্থ হওয়ার পর ভ্রাম্যমাণ আদালত বসিয়ে বরসহ চার জনকে এক হাজার টাকা করে জরিমানা করেছেন ফরিদপুরের আলফাডাঙ্গার ইউএনও।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আবুল খায়ের সোমবার সন্ধ্যার দিকে উপজেলা পরিষদ কার্যালয়ে আদালত বসিয়ে এ জরিমানা করেন।
এ ঘটনায় মেয়ের বাবা সেলিম মোল্লা(৪০), মা হাওয়া বেগম(৩৫), চাচি হেনা বেগম এবং বর জনি মোল্লাকে(২৪) জরিমানা করা হয়। এদের সবার বাড়ি উপজেলার গোপালপুর ইউনিয়নের টেগুরডাঙ্গা গ্রামে।
কনে শরীফা খানম (১৪) নওপাড়া উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী।
ইউএনও আবুল খায়ের জানান, গত ১৯ জানুয়ারি ভ্যানচালক সেলিম আত্মীয় আতিয়ার মোল্লার ছেলে জনির সঙ্গে মেয়ের বিয়ে দেন। খবর পেয়ে ইউনিয়ন পরিষদের সদস্য আব্বাসউদ্দিনকে নিয়ে বিয়ে বন্ধের চেষ্টা করেও ব্যর্থ হন তিনি।
পরে বাল্য বিয়ের জন্য ১৯২৯ সালের ‘বাল্যবিবাহ নিরোধ আইনের’ বিভিন্ন ধারায় চারজনকে এক হাজার টাকা করে জরিমানা করা হয়।
