বরগুনা সদর উপজেলা চেয়ারম্যানসহ ৫ জন কারাগারে
বিভিন্ন মামলায় বরগুনা সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান অবসরপ্রাপ্ত লে. কর্নেল আবদুল খালেকসহ পাঁচ বিএনপি নেতার জামিন নামঞ্জুর করে জেল হাজতে পাঠানো হয়েছে।
মঙ্গলবার বরগুনার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ মাসুম বিল্লাহর আদালতে হাজির হলে বিচারক এ আদেশ দেন।
কারাগারে পাঠানো অন্যরা হচ্ছেন বরগুনা পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক রাশেদুল হাসান শিপন, জেলা মৎস্যজীবী দলের সভাপতি মাইনুল ইসলাম মাইনুদ্দিন, জেলা ওলামা দলের সভাপতি মাওলানা শাহজালাল রুমি ও বরগুনা পৌরসভার ২নং ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি মো. মজিবর রহমান।
আসামীদের পক্ষে অ্যাডভোকেট মো. নুরুল আমিন জানিয়েছেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা কৃষক দলের আহবায়ক লে. কর্ণেল (অব.) আবদুল খালেকের বিরুদ্ধে গত ৪ জানুয়ারি রাতে ভোট কেন্দ্রে আগুন দেয়ার ঘটনায় বিশেষ ক্ষমতা আইনে দুটি এবং ২৫ নভেম্বর রাতে বাসে আগুন দেয়ার ঘটনায় দ্রুত বিচার আইনে একটি এবং একই দিনে পুলিশের উপর হামলার ঘটনায় আরও একটি মামলা রয়েছে।
এছাড়া, জেলা মৎস্যজীবী দলের সভাপতি মাইনুল ইসলাম মাইনুদ্দিন ও জেলা ওলামা দলের সভাপতি মাওলানা শাহজালাল রুমির বিরুদ্ধে ২৫ নভেম্বর রাতে বাসে আগুন দেয়ার ঘটনায় দ্রুত বিচার আইনে একটি, একই দিনে পুলিশের উপর হামলার ঘটনায় একটি এবং পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক রাশেদুল হাসান শিপন ও পৌরসভার ২নং ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি মো. মজিবর রহমানের বিরুদ্ধে ২৫ নভেম্বর রাতে বাসে আগুন দেয়ার ঘটনায় দ্রুত বিচার আইনে একটি মামলা রয়েছে।
