২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্কুল পোড়ানোর মামলায় নীলফামারীতে ২ জামায়াতকর্মী গ্রেপ্তার

নীলফামারীর ডিমলায় নির্বাচনের আগের দিন ও ভোটগ্রহণ চলাকালে উপজেলার বিভিন্ন ভোটকেন্দ্রে অগ্নিসংযোগ ও ভাংচুরের ঘটনায় দুই জামায়াত কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।

নীলফামারী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jan 2014, 05:40 PM

Updated : 01 Sep 2026, 12:16 PM

মঙ্গলবার সকালে ডিমলার বিভিন্নস্থানে অভিযান চালিয়ে এদের গ্রেপ্তার করা হয়।

এরা হলেন ডিমলা সদর ইউনিয়নের নটাবাড়ী গ্রামের মৃত নছিমামুদের ছেলে আব্দুল খালেক (৫৫) ও নাউতারা ইউনিয়নের নিজপাড়া গ্রামের মৃত ছলেমামুদের ছেলে ফয়জুল ইসলাম (৫৫)।

ডিমলা থানার ওসি আজিম উদ্দিন জানান, এ দুজন দশম সংসদ নির্বাচনের আগের দিন ও ভোটগ্রহণ চলাকালে নটাবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও নাউতারা নিজপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে অগ্নিসংযোগ ও ভাংচুরের সঙ্গে জড়িত ছিল।

গ্রেপ্তার দুজনই জামায়াতের সক্রিয় কর্মী উল্লেখ করে ওসি জানান, বিকালে আদালতের মাধ্যমে তাদের জেলা কারাগারে পাঠানো হয়েছে।

ভোটের দিন ও আগের দিন বেশ কয়েকটি কেন্দ্রে অগ্নিসংযোগ ও ভাংচুরের ঘটনা ঘটে। এ ঘটনায় ১৩টি মামলা করে সংশ্লিষ্ট ভোটকেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তারা।