২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিএনপি নেতা সালাউদ্দিনকে হয়রানি নয়: হাই কোর্ট

যথাযথ আইনি প্রক্রিয়া ছাড়া বিএনপির যুগ্ম মহাসচিব সালাউদ্দিন আহমেদকে হয়রানি বা তার বাসায় তল্লাশি না করার নির্দেশ দিয়েছে হাই কোর্ট।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jan 2014, 03:52 PM

Updated : 01 Sep 2026, 12:16 PM

ফাইল ছবি

ফাইল ছবি

সালাউদ্দিনের একটি আবেদনের শুনানি করে বিচারপতি সালমা মাসুদ চৌধুরী ও বিচারপতি মো. হাবিবুল গণির বেঞ্চ মঙ্গলবার এ আদেশ দেয়।

একইসঙ্গে এর আগে তার বাসায় আইনশৃঙ্খলা বাহিনীর তল্লাশি ও হয়রানিকে কেন অবৈধ ঘোষণা করা হবে না- তা জানতে চেয়ে একটি রুলও জারি করেছে আদালত।

স্বরাষ্ট্র সচিব, পুলিশের মহাপরিদর্শক,  গোয়েন্দা পুলিশের উপকমিশনার, পুলিশের বিশেষ শাখার অতিরিক্ত মহাপরিদর্শক, ঢাকার জেলা প্রশাসকসহ ১১ জনকে আগামী চার সপ্তাহের মধ্যে এর জবাব দিতে বলা হয়েছে।

আদালতে সালাউদ্দিনের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট জয়নুল আবেদীন, ব্যারিস্টার কায়সার কামাল ও অ্যাডভোকেট সালমা সুলতানা।

আদেশের পরে কায়সার কামাল সাংবাদিকদের বলেন, “সালাউদ্দিন আহমেদের বিরুদ্ধে ছয়টি মামলা রয়েছে। সব মামলায় তিনি জামিনে রয়েছেন। তারপরও তাকে বেআইনিভাবে হয়রানি করা হচ্ছে। গত ৩০ ডিসেম্বর ঢাকা ও কক্সবাজারে তার বাসা-অফিসে তল্লাশি চালানো হয়েছে। এ কারণেই গত সপ্তাহে হাই কোর্টে এই আবেদন করা হয়।”