গাইবান্ধায় সংঘর্ষে আহত কিশোরের মৃত্যু
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় শনিবার জামায়াতে ইসলামীর কর্মীদের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর সংঘর্ষের সময় গুলিবিদ্ধ এক কিশোরের মৃত্যু হয়েছে।
নিহত সোহাগ মিয়া (১৪) উপজলোর রামভদ্র খানাবাড়ি গ্রামের শফিক কাজীর ছেলে। স্থানীয় একটি মাদ্রাসার অষ্টম শ্রেণির এই ছাত্রকে নিজেদের কর্মী দাবি করেছে ছাত্রশিবির। তবে তার পরিবারের পক্ষ থেকে এ ব্যাপারে কিছু বলা হয়নি।
সোমবার রাত সাড়ে ৩টায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে চিকিৎসকরা জানিয়েছেন।
বগুড়ার সহকারী পুলিশ সুপার (সদর ও মিডিয়া) গাজীউল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গাইবান্ধায় সংঘর্ষে গুলিবিদ্ধ সোহাগ রোববার বিকালে বগুড়ায় মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়।
এদিকে সুন্দরগঞ্জ থানার ওসি মোজাম্মলে হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলনে, আইনশৃঙ্খলা বাহিনীর সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে কারো মারা যাওয়ার খবর তাদের জানা নেই।
যুদ্ধাপরাধে দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যুদণ্ডের রায়ের পর গত বছর ২৮ ফেব্রুয়ারি গাইবান্ধায় জামায়াতের হামলায় পুলিশ নিহতের মামলার আসামিদের ধরতে গত শনিবার রাতে রামভদ্র খানাবাড়ি গ্রামে অভিযানে যায় পুলিশ।
রাত পৌনে ১টার দিকে সেখান থেকে জামায়াত নেতা শাহাজাহান ওরফে ভূট্টু (৩৮), আল-আমিন (২২) ও মফিজুল হককে (৫৬) গ্রেপ্তারের পর তাদের ছিনিয়ে নিতে জামায়াত কর্মীরা হামলা চালায়।
জামায়াত-শিবির কর্মীরা সংঘবদ্ধ হয়ে পুলিশের দিকে হাতবোমার বিস্ফোরণ ও ইট পাটকেল নিক্ষেপ করতে থাকে। ঘণ্টাখানেক পর গাইবান্ধা ও সুন্দরগঞ্জ থেকে অতিরিক্ত পুলিশ, বিজিবি ও সেনাসদস্যরা গিয়ে তাদের উদ্ধার করে।
এ সময় সংঘর্ষে ২৪ পুলিশ সদস্যসহ অন্তত ৪৫ জন আহত হন।
নিজেদের ২০ নেতাকর্মী গুলিবিদ্ধ হওয়ার দাবি করেন জামায়াত-শিবিরের নেতারা। তবে তাদের কোথায় চিকিৎসা দেয়া হয় সে বিষয়ে তারা কিছু জানাননি।
সকালে গাইবান্ধা জেলা ছাত্র শিবিরের সভাপতি ফয়সাল কবীর বলেন, ওই সংঘর্ষে গুলিবিদ্ধ সোহাগ বগুড়ায় চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
