বইমেলা এবার সোহরাওয়ার্দীতেও
একুশের মেলায় বইয়ের পসরা এবার বাংলা একাডেমী ছাড়িয়ে সোহরাওয়ার্দী উদ্যানেও বসবে।
মেলার অনুষ্ঠান বরাবরের মতো একাডেমী প্রাঙ্গণে চলবে। সেইসঙ্গে সরকারি প্রতিষ্ঠানগুলোর স্টল থাকবে সেখানে। অন্য প্রকাশনা প্রতিষ্ঠানগুলোর স্টল হবে সোহরাওয়ার্দী উদ্যানে।
সোমবার বাংলা একাডেমীর সভাকক্ষে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূরের সভাপতিত্বে এক বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছেন একাডেমীর মহাপরিচালক শামসুজ্জামান খান।
ভাষা আন্দোলনের মাস ফেব্রুয়ারিজুড়ে বাংলা একাডেমীর আয়োজনে হয়ে আসছে অমর একুশে গ্রন্থমেলা। তবে এই মেলা বাংলা একাডেমী প্রাঙ্গণেই সীমাবদ্ধ থাকত।
সংশ্লিষ্টরা জানিয়েছেন, প্রকাশনা প্রতিষ্ঠানের সংখ্যা বেড়ে যাওয়া এবং বিভিন্ন ভবন নির্মিত হওয়ায় একাডেমী প্রাঙ্গণে স্থান সঙ্কুচিত হয়ে পড়ায় এবার মেলার একটি অংশ পাশের সোহরাওয়ার্দী উদ্যানে সম্প্রসারিত হচ্ছে।
বইমেলা (গত বছরের ছবি)
পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয়, এশিয়াটিক সোসাইটি, শিল্পকলা একাডেমী, জাতীয় জাদুঘরসহ বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানগুলোর স্টল থাকবে মূল প্রাঙ্গণে।
মেলায় ভিড় এড়াতে বাংলা একাডেমী ও সোহরাওয়ার্দী উদ্যানের মধ্যবর্তী দোয়েল চত্বর-টিএসসি সড়কে বইয়ের স্টল ও দোকান বসানো হবে না বলে শামসুজ্জামান জানান।
