যুব সংগঠন নিবন্ধনের শর্ত ভঙ্গে জেল-জরিমানা
যুব সংগঠনের নিবন্ধনের শর্ত ভঙ্গে ৬ মাসের কারাদণ্ড ও ৫০ হাজার টাকার জরিমানা বা উভয় দণ্ডের বিধান রেখে আইন করতে যাচ্ছে সরকার।
সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে ‘যুব সংগঠন (নিবন্ধন ও নিয়ন্ত্রন) আইন, ২০১৩’ এর খসড়ার নীতিগত অনুমোদন দেয়া হয়।
বৈঠকশেষে মন্ত্রিপরিষদ সচিব মোশাররাফ হোসাইন ভূঁইঞা সাংবাদিকদের জানান, এই আইন পাস হলে যুব উন্নয়ন অধিদপ্তর যুব সংগঠনগুলোর নিবন্ধন করবে। আগে এ কাজ করতো সমাজ সেবা অধিদপ্তদর।
তিনি বলেন, “এ আইনে নিবন্ধনের জন্য আবেদনের নিয়ম, শর্ত পালন, শর্ত ভঙ্গের শাস্তি ইত্যাদি বিষয় থাকছে।
“কোনো যুব সংগঠন গুরুতর অনিয়ম করলে তা বিলুপ্ত করার বিধান রাখা হয়েছে খসড়ায়। তবে কোনো সংগঠন স্বেচ্ছায় বিলুপ্ত হতে পারবে না। এজন্যও অনুমোদন লাগবে।”
সরকার ইচ্ছা করলে এ আইন কার্যকর করতে বিধি প্রণয়ন করতে পারবে বলেও জানান মন্ত্রিপরিষদ সচিব।
সংঠনগুলোকে সহযোগিতা করার জন্য যুব ও ক্রীড়ামন্ত্রীকে প্রধান করে একটি জাতীয় যুব কাউন্সিল করা হবে। আর থাকবে প্রধানমন্ত্রীর নেতৃত্বে একটি উপদেষ্টা পরিষদ।
যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক বা জেলা কার্যালয় পর্যায়ের উপপরিচালক নিবন্ধন কর্তৃপক্ষ হবেন বলে জানান মোশাররাফ হোসাইন ভূঁইঞা।
