সিরাজগঞ্জে জবাই করে মোটরসাইকেল ছিনতাই
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ভাড়ায় চালিত মোটরসাইকেলের এক চালককে গলা ও পায়ের রগ কেটে হত্যা করে তার মটরসাইকেলটি ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা।
সোমবার দুপুরে উপজেলার এলংজানী চকপাড়া এলাকার একটি মাঠে চালক সেলিম হোসেনের (২০) লাশ পাওয়া যায়। তিনি উপজেলার রামাইল গ্রামের জাহিদুল ইসলাম ছেলে।
উল্লাপাড়া থানার উপ-পরিদর্শক কামরুজ্জমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে লাশ উদ্ধারের বিষয়টি জানান।
মাঠে নিহতের লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা থানায় সংবাদ দেয়।
উদ্ধারের পর ময়না তদন্তের জন্য লাশটি বিকেলে সিরাজগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
রোববার রাতের কোন এক সময় তাকে হত্যা করে দুর্বৃত্তরা মোটরসাইকেলটি নিয়ে গেছে বলে ধারণা করছেন উপ-পরিদর্শক কামরুজ্জামান।
এ ঘটনায় মামলা হয়েছে।
