ঢাবির হলে লিফটের নিচে পড়ে যুবক নিহত
ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্যার পি জে হার্টগ ইন্টারন্যাশনাল হলে লিফটের নিচে চাপা পড়া এক যুবকের লাশ পাওয়া গেছে।
নিহত সোহেল রানা (৩০) ওই হলের পরিচ্ছন্নতাকর্মী বাবুল মুন্সীর ভাগ্নে। সোহেল ঢাকার লালবাগের শহীদ নগরে থাকতেন বলে তার স্ত্রী রুবি আক্তার জানিয়েছেন।
সোমবার সন্ধ্যা ৬টার কিছু সময় পর সোহেলকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
হলের লিফটম্যানের দায়িত্বে থাকা শফিক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ঘটনার সময় তিনি ছয় তলা ভবনের তিন তলায় একটা শব্দ শুনতে পেয়ে সেখানে ছুটে যান। কিন্তু কাউকে না পেয়ে নিচতলায় নেমে আসেন।
লিফটের নিচে কেউ আটকা পড়ে থাকতে পারে এমন সন্দেহ হওয়ায় লিফটের পাটাতন সরিয়ে নিচে একপাশে সোহেলের থেঁতলে যাওয়া রক্তাক্ত শরীর দেখতে পান বলে শফিক জানান।
এসময় তিনি চিৎকার করে আশেপাশের লোকজনের সহায়তায় সোহেলকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক আমজাদ আলীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বিষয়টি পুরোপুরি রহস্যজনক। সে (সোহেল) কিভাবে লিফটের নিচে গেল, তা বোঝা যাচ্ছে না।”
মৃত্যুর কারণ উদ্ঘাটনে হলের হাউস টিউটর শেখ শফিকুল ইসলামকে প্রধান করে একজন সহকারী প্রক্টর ও একজন প্রকৌশলীকে নিয়ে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে জানান আমজাদ আলী।
সোহেল প্রাইভেট কারের চালক বলে জানালেও, কোথায় ও কার গাড়ি চালান, তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানাতে পারেননি হাসপাতালে আহাজারি করতে থাকা রুবি।
তিনি বলেন, প্রতিদিনের মতো সোমবার সকালেও বাড়ি থেকে সাইকেল নিয়ে বেরিয়ে গিয়েছিল সোহেল।
