জমি পেল মুক্তিযোদ্ধাসহ ১২টি ভূমিহীন পরিবার
গাজীপুরের শ্রীপুর উপজেলার উত্তর সীমান্তবর্তী কাওরাইদ ইউনিয়নের গলদাপাড়া গ্রামের দুঃস্থ মুক্তিযোদ্ধাসহ ১২টি ভূমিহীন পরিবারকে পুণর্বাসিত করেছে গাজীপুর জেলা প্রশাসন।
সোমবার ওই ইউনিয়নের ফকিরপাড়া গ্রামে ১২টি ভূমিহীন পরিবারের সদস্যদের কাছে জমির দখল বুঝিয়ে দেন শ্রীপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাজমুল হাসান ভূঁইয়া।
ভূমি বন্দোবস্ত নীতিমালা অনুযায়ী ভূমিহীন মুক্তিযোদ্ধা আব্দুল কাদির ও শামসুদ্দিনসহ ১২টি পরিবারকে এক একর জমি বন্দোবস্ত দেয়া হয়েছে।
জমি পেয়ে মুক্তিযোদ্ধা আব্দুল কাদির সাংবাদিকদের বলেন, “১৬ কোটি বাঙালির বাসভূমি গড়ে দিলেও নিজের ভাগ্য জোটেনি একখণ্ড জমি।
“জীবন সায়াহ্নে একখণ্ড জমি পেয়ে পরিবারের সবার মাথা গোঁজার ঠিকানা পেয়ে আমি হাসিমুখে বাকি জীবনটা কাটিয়ে দিতে পারব।”
জীবনের অনেক বছর তিন মেয়ে নিয়ে অন্যের বাড়িতে আশ্রয় ছিলেন তিনি।
এ দিন জমি দখলসহ ভূমিহীনদের বন্দোবস্ত দেয়া জমির দলিল, ডুপ্লিকেট কার্বন রিসিট (ডিসিআর) ও দাখিলাসহ সব কাগজপত্র হস্তান্তর করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন কাওরাইদ ইউনিয়ন ভূমি অফিসের সহকারী কর্মকর্তা আব্দুর রশিদ সরকার, সার্ভেয়ার কামরুল হাসানসহ স্থানীয় বিশিষ্টজনরা।
