২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘পুলিশ কর্মকর্তার খালাস বাতিল করে কেন সাজা নয়’

ফেনসিডিল উদ্ধারের মামলায় এক পুলিশ কর্মকর্তাকে দেয়া খালাসের আদেশ কেন বাতিল করে কেন তাকে যথাযথ সাজা দেয়া  হবে না, তা জানতে চেয়েছে হাই কোর্ট।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jan 2014, 10:54 PM

Updated : 01 Sep 2026, 06:02 PM

রোববার বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মোহাম্মদ উল্লাহ বেঞ্চ স্বতপ্রণোদিত হয়ে এই আদেশ দেয়।

৮ সপ্তাহের মধ্যে কুমিল্লার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-৭’র বিচারককে এই রুলের জবাব দিতে বলা হয়েছে বলে হাই কোর্টের ওই আদালতের সহকারী অ্যাটর্নি জেনারেল গাজী মো. মামুনুর রশিদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন।

তিনি বলেন, কুমিল্লার পুলিশ ২০১০ সালের ২১ জুন একটি গাড়িকে ধাওয়া করে। গাড়িটি পুলিশের সংকেতে না থেমে জেলার দুর্গাপুরের নিশ্চিন্তপুরের একটি রেস্টুরেন্ট গিয়ে আশ্রয় নেয়। সেখানে পুলিশ গাড়ি থেকে ১৯৪ বোতল ফেনসিডিল উদ্ধার হয়। সাথে গাড়ির মালিক কলাবাগান থানার উপ-পরিদর্শক মো. শরিফুল ইসলাম ও ড্রাইভার জাহাঙ্গীর আলমকে আটক করে পুলিশ।

“এ বিষয়ে দুর্গাপুর থানায় একটি মামলা হয়, যার চার্জশিটে পুলিশ কর্মকর্তা ও তার গাড়ির ড্রাইভারকে ঘটনার জন্য দায়ী করা হয়। কিন্তু পরে ২০১২ সালের ৩ এপ্রিল কুমিল্লার স্পেশাল ট্রাইব্যুনাল-৭ পুলিশ কর্মকর্তাকে খালাস দিয়ে তার ড্রাইভারকে দুই বছরের সশ্রম কারাদণ্ড ও এক হাজার টাকা জরিমানা করে। অনাদায়ে আরো ১ মাসের কারাদণ্ড দেয়া হয়।”

এরপর সম্প্রতি ওই জাহাঙ্গীর হাই কোর্টে জামিন চেয়ে আবেদন করেন। আদালত মামলার পরিস্থিতি দেখে স্বতপ্রণোদিত হয়ে রুল দেয়ার পাশপাশি জাহাঙ্গীরকে ৬ মাসের জামিন দেয়।

রুলে ওই পুলিশ কর্মকর্তাকে দেয়া খালাসের আদেশ বাতিল করে কেন যথাযথ সাজা দেয়া হবে না, তা জানতে চাওয়া হয়। একইসঙ্গে তাকে ৮ সপ্তাহের মধ্যে নিম্ন আদালতে আত্মসমর্পণের নির্দেশও দেয়া হয়।