ফাঁসির বিরুদ্ধে সাঈদীর আপিলের শুনানি চলছে
মানবিরোধী অপরাধের বিচারে যুদ্ধাপরাধী দেলাওয়ার হোসাইন সাঈদীর ফাঁসির দণ্ডের বিরুদ্ধে আপিলের শুনানি অব্যাহত রয়েছে।
রোববার প্রধান বিচারপতি মো. মোজ্জাম্মেল হোসেনের নেতৃত্বে আপিল বিভাগের পাঁচ সদস্যের বেঞ্চে শুনানি হয়।
অপর বিচারকরা হলেন- বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা, বিচারপতি আব্দুল ওয়াহহাব মিঞা, বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী ও বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী।
রোববার ২২তম দিনের মতো শুনানি শেষে সোমবার পর্যন্ত এই মামলার শুনানির দিন রাখা হয়েছে।
মানবতাবিরোধী অপরাধের দায়ে গত বছরের ২৮ ফেব্রুয়ারি জামায়াতে ইসলামীর নায়েবে আমির সাঈদীকে মৃত্যুদণ্ড দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১।
গত বছরের ২৮ মার্চ রায়ের বিরুদ্ধে সাঈদীর পক্ষে তার আইনজীবীরা এবং রাষ্ট্রপক্ষ আলাদা দুটি আপিল করেন।
একই বছরের ৩ এপ্রিল আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় আবেদনের সারসংক্ষেপ জমা দেয় রাষ্ট্রপক্ষ। ১৬ এপ্রিল সারসংক্ষেপ জমা দেয় আসামি পক্ষ। ২৪ সেপ্টেম্বর আপিলের শুনানি শুরু হয়। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় গণহত্যা, হত্যা ও ধর্ষণের আটটি অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় দুটি অপরাধে সাঈদীর মৃত্যুদণ্ডাদেশ দেয় ট্রাইব্যুনাল।
