২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কর্নাইয়ে এখনো ‘কচুকাটার’ হুমকি

জ্বালাও-পোড়াওয়ের দুই সপ্তাহ পরেও হামলার ক্ষত নিয়ে থাকা কর্নাইয়ের অনেক বাসিন্দাকে এখনো ফোনে হুমকি দেয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন সেখানকার আক্রান্ত মানুষ।

সুলাইমান নিলয়

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jan 2014, 01:51 PM

Updated : 01 Sep 2026, 06:02 PM

কর্নাই-গড়েয়ার পথে জাগরণের রোডমার্চ

গণজাগরণ মঞ্চের কর্মীরা রোববার সকালে দিনাজপুর সদর উপজেলার চেহেলগাজী ইউনিয়নের কর্নাইয়ে পৌঁছান, যেখানে নির্বাচনের দিন আক্রান্ত হয়েছিলেন সনাতন ধর্মাবলম্বীরা।

সাম্প্রদায়িক হামলায় ঘর পোড়া গৃহিণী কল্পনা রানী রায় বলেন, “ঘটনাটা যদি দিনের বেলায় না হয়ে রাতে হতো তাহলে আমি বাঁচতে পারতাম না। আমাকে মেরে ফেলতো। হামলা করার পর দরজায় তালা দিয়ে পালিয়ে যাই। ঘরের বাইরে হামলা করে। উঠানে ধান শুকাতে দিয়েছিলাম, সেই ধানসহ সব ‍কিছু নিয়ে গেছে।

“এখনো আমাদের ফোনে হুমকি দিয়ে ভারত চলে যেতে বলে। বলে, প্রশাসন কতদিন সাহায্য করবে? ভারত না গেলে আবার এসে গরুকাটা, কচুকাটা করা হবে।”

৮০ বছরের বৃদ্ধা সুমি বেওয়া বলেন, “দিনে তো নানাজন আসে। তখন সাহস পাই। কিন্তু রাত নামতে নামতে ভয় লাগে।”

তিনি জানান, আক্রমণের পর সবাই বাড়ি থেকে পালিয়ে গেলেও তিনি যেতে পারেননি। তার পিঠে ইট দিয়ে আঘাত করে হামলাকারীরা। কান ছিড়ে কানের দুল নিয়ে যায়।

লুটপাটের পর তার চার ছেলের ঘরেই আগুন দেয়া হয় বলে জানান সুমি বেওয়া।

“এখন আমার ছেলে-ছেলে বউ এবং তাদের ছেলে-মেয়েরা কী খাবে? কিভাবে থাকবে? কিছুই জানি না। চোখে অন্ধকার দেখি,” অশ্রুসিক্ত কণ্ঠে বলেন তিনি।

কৃষি শ্রমিক প্রতিমা রাণী বলেন, “আমি ভোট দিয়েছিলাম। এরপর আমার বাড়িতে হামলা হয়েছে। এখন কাজও নাই। কে কাজ দিবে? কাজ না দিলে খাবো কী?”

কিশোর রামকৃষ্ণ জানান, ৫ জানুয়ারি ভোটের দিন দুপুর ১টার দিকে তাদের বাড়িতে হামলা  শুরু হয়। প্রথমে প্রতিরোধের চেষ্টা করলেও আক্রমণকারীদের সংখ্যা দেখে পালিয়ে যাই।

এরপর তারা লুটপাট করে ঘরে আগুন দেয়। তাদের হাত থেকে বইও রেহাই পায়নি।

গণজাগরণ মঞ্চের আগেই এখানে নানা সংগঠনের প্রতিনিধিরা সংহতি জানাতে এসেছিলেন। তাদের অনেকেই নিয়ে আসেন সহায়তা।

সব হারানো কর্নাইয়ের অনেকে সেই সহায়তা নিলেও সেখানে টাঙানো একটি ব্যানার বলে দেয় অনেক কথা, যাতে লেখা রয়েছে-‘আমরা অনুদান চাই না, চাই ন্যায়সংগত বিচার, স্থায়ী পুলিশ ক্যাম্প ও বিজিবি সহায়তা।’

পরে বীরগঞ্জে এক পথসভায় জাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার বলেন, “আমরা কর্নাইয়ে বীভৎস নির্যাতন দেখে আঁতকে উঠেছি। বাংলাদেশের প্রত্যেকটি নাগরিক এই বীভৎসতা থেকে মুক্তি চায়। আশি বছরের বৃদ্ধার উপর যে আক্রমণ চালানো হয়েছে তা কোনো মানুষ করতে পারে না।

“এই ধরনের নিরর্যাতন থেকে বাঁচার একটাই উপায়, তা হলো জামায়াত-শিবিরকে নিষিদ্ধ করা। কেবল এদের নিষিদ্ধ করার মাধ্যমেই এই কলঙ্ক থেকে স্থায়ীভাবে মুক্তি পেতে পারে বাংলাদেশ।”

‘বিবেকবানরা আপনাদের পাশে’

সাম্প্রদায়িক হামলায় জড়িতদের গ্রেপ্তার করে আক্রান্ত কর্নাইবাসীকে আশ্বস্ত করতে প্রশাসনের প্রতি আহ্বান জানান ইমরান এইচ সরকার।

পাশে থাকার অঙ্গীকার করে রোববার কর্নাই সরকারি বিদ্যালয় মাঠে পথসভায় বাংলাদেশ না ছাড়তে আক্রান্ত মানুষের প্রতি আহ্বান জানান তিনি।

ইমরান বলেন, “জামায়াত অস্তিত্বহীনতায় ভুগছে। তাই দেশব্যাপী সহিংসতা সৃষ্টি করে দেশকে সন্ত্রাসী রাষ্ট্র হিসাবে পরিচিত করিয়ে দিতে চায়। এরা রোডমার্চের উপরও হামলা করছে।”

কর্নাইবাসীকে উদ্দেশ্য করে তিনি বলেন, “আপনাদের মাঝে কী অনিশ্চয়তা সেটা চোখমুখ দেখলেই বোঝা যায়। তবে আমি আপনাদের এই বলে আশ্বস্ত করতে চাই, এই দেশে কেবল সাম্প্রদায়িক সহিংসতাকারীরাই থাকে না। এই দেশে বিবেকবান মানুষও রয়েছে। গণজাগরণমঞ্চের তরুণেরা রয়েছে। তারা আপনাদের পাশে আছে, যে কোনো পরিস্থিতিতে পাশে থাকবে।”

ভবিষ্যতে যে কোনো ধরনের হামলা মোকাবেলা করে সনাতন ধর্মাবলম্বী মানুষকে রক্ষা করতে স্থানীয় গণজাগরণ মঞ্চের কর্মীদের প্রতি আহ্বান জানান ইমরান।

তিনি  বলেন, “স্বাধীনতার পর এ পর্যন্ত কোনো সাম্প্রদায়িক সহিংসতার বিচার হয়নি। আমরা এমন একটি বিচার চাই, যাতে এমন দৃষ্টান্ত স্থাপিত হবে যে, ভবিষ্যতে আর কোনো সন্ত্রাসী সনাতন ধর্মাবলম্বীদের উপর হামলার সাহস না পায়।

“আমি প্রশাসনকে বলছি, এখানে হামলাকারীরা এখনো ধরাছোঁয়ার বাইরে আছে। আপনারা সন্ত্রাসীদের গ্রেপ্তার করে এদেরকে আশ্বস্ত করুন।”

কর্নাইয়ে মারাত্মক ক্ষতিগ্রস্ত ২২টি পরিবারকে ২০ হাজার করে টাকা, ক্ষতির মাত্রা অনুসারে তুলনামূলক কম ক্ষতিগ্রস্ত ৫০টি পরিবারকে ১০ হাজার করে টাকা এবং আরো ১৫০টি পরিবারকে পোশাক-পরিচ্ছদ ও কম্বলসহ শীতবস্ত্র দেয়া হয়।

ইমরান বলেন, “আমরা এখানে সহায়তা দিতে আসিনি। এসেছি সংহতি জানাতে। দেশের মানুষ আপনাদের সঙ্গে আছে, সেই বার্তা জানাতে। আপনারা আপনাদের বাড়িতেই থাকুন, ভয় পাবেন না, পালিয়ে যাবেন না।”

পথসভায় স্লোগান কন্যা লাকি আক্তার বলেন, এটা তরিকুল সালেকীনের রক্তের দিনাজপুর। এখান থেকে এশিয়া এনার্জিকে তাড়ানো হয়েছে। এটা তেভাগার দিনাজপুর।

“এখানে সাম্প্রদায়িক সহিংসতা করে কেউ পার পাবে না।”

পথসভার পর আক্রান্ত কয়েকটি বাড়ি পরিদর্শন করেন জাগরণমঞ্চের কর্মীরা।