২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফরিদপুরে দুর্ঘটনায় বাবা-মেয়ে নিহত

ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় রাস্তার পাশে বিদ্যুতের খুঁটিতে ধাক্কা লেগে মোটরসাইকেল আরোহী এক পুলিশ কনস্টেবল ও তার মেয়ের মৃত্যু হয়েছে।

ফরিদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jan 2014, 01:42 PM

Updated : 01 Sep 2026, 06:02 PM

ভাঙ্গা থানার ওসি দাদন ফকির জানান, রোববার সকাল সাড়ে ১০টার দিকে মানিকদহ ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রের সামনে ভাঙ্গা-সদরপুর সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ভাঙ্গার মানিকদহ গ্রামের হারুন-অর-রশীদ (৫২) ও তার মেয়ে দীপা আক্তার (৩২)।

হারুন গোপালগঞ্জ জেলার মুকসুদপুর থানার পুলিশ কনস্টেবল ছিলেন। দীপা মানিকদহ ইউনিয়নের আদমপুর গ্রামের সৌদিআরব প্রবাসী আইউব আলী বেপারীর স্ত্রী। তার এক ছেলে ও মেয়ে রয়েছে।

মানিকদহ ইউনিয়নের চেয়ারম্যান পারুলী বেগম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সকালে আদমপুর গ্রাম থেকে মেয়েকে নিয়ে মোটরসাইকেল চালিয়ে সদরপুরের আটরশি সোনালী ব্যাংকে যাচ্ছিলেন হারুন।

পথে তিনি নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে মোটরসাইকেলটি রাস্তার পাশে খুঁটির সঙ্গে ধাক্কা খায়। এতে দীপা ঘটনাস্থলেই মারা যান।

পরে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে হারুনেরও মৃত্যু হয় বলে ওয়ার্ড মাস্টার সাখাওয়াত হোসেন জানান।

মুকসুদপুর থানার ওসি ফেরদৌস হোসেন জানান, হারুন ছুটি নিয়ে বাড়িতে এসেছিলেন।