যুদ্ধাপরাধের বিচার নিয়ে কথা বলবে না পাকিস্তান
বাংলাদেশে যুদ্ধাপরাধের বিচার নিয়ে কোনো পর্যায়ে কোনো কথা না বলার সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান।
জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি একে আবদুল মোমেন শনিবার রাতে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এটা তাদের সর্বোচ্চ পর্যায়ের সিদ্ধান্ত।”
জাতিসংঘে পাকিস্তানের স্থায়ী প্রতিনিধি মাসুদ খান ‘মৌখিকভাবে’ তাকে এ কথা বলেছেন বলে জানান একে মোমেন।
যুদ্ধাপরাধী আব্দুল কাদের মোল্লার ফাঁসি কার্যকর নিয়ে পাকিস্তানের পার্লামেন্টে একটি প্রস্তাব পাস হলে আনুষ্ঠানিকভাবে তার প্রতিবাদ জানায় বাংলাদেশ সরকার।
প্রস্তাব পাসের প্রতিবাদে ফুঁসে ওঠে যুদ্ধাপরাধীর ফাঁসির দাবিতে আন্দোলনরত গণজাগরণ মঞ্চ। প্রতিবাদ হিসেবে পাকিস্তানি পণ্য বর্জনের ডাক দেয় তারা। রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে পাকিস্তানের বিরুদ্ধে বিক্ষোভ করে ছাত্র-জনতা।
একে মোমেন বলেন, বাংলাদেশের প্রতিবাদের পরিপ্রেক্ষিতে পাকিস্তান এ সিদ্ধান্ত নিয়েছে কি না সে বিষয়ে তিনি নিশ্চিত নন।
“তিনি (মাসুদ খান) শুধু মৌখিকভাবে আমাকে জানিয়েছেন যে, তারা সিদ্ধান্ত নিয়েছেন যুদ্ধাপরাধের বিচার নিয়ে কোনো কিছু করবেন না, বা কোনো কথা বলবেন না।
“তারা বাংলাদেশের সঙ্গে ভ্রাতৃসুলভ সম্পর্ক জোরদার ও তা বজায় রাখতে চান।”
যুদ্ধাপরাধের দায়ে গত ১২ ডিসেম্বর রাতে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল কাদের মোল্লার ফাঁসি কার্যকর করা হয়। এর চার দিনের মাথায় বিষয়টি নিয়ে ‘উদ্বেগ’ জানিয়ে পাকিস্তানের পার্লামেন্টে একটি প্রস্তাব পাস হয়।
এরপর ঢাকায় পাকিস্তানের হাই কমিশনারকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করে প্রতিবাদ জানানো হয়।
১৯৭১ সালে নয় মাসের রক্তক্ষয়ী যুদ্ধের মধ্য দিয়ে পাকিস্তানের কাছ থেকে স্বাধীনতা লাভ করে বাংলাদেশ। পাকিস্তানি সেনাবাহিনীর পক্ষ নিয়ে মুক্তিকামী বাঙালির বিরুদ্ধে লড়াইয়ে নামে কাদের মোল্লার দল জামায়াতে ইসলামী।
একাত্তরে ঢাকার উপকণ্ঠে চালানো নিষ্ঠুরতার জন্য মিরপুরের কসাই নামে পরিচিতি পান কাদের মোল্লা।
‘কাদের মোল্লা পাকিস্তানের প্রতি অনুগত ছিলেন এবং একাত্তরের মুক্তিযুদ্ধে পাকিস্তানি সেনাবাহিনীর পক্ষ নিয়েছিলেন’ বলে তার মৃত্যুদণ্ড কার্যকরের বিরোধিতা করে পাকিস্তানি জামায়াতে ইসলামী।
কাদের মোল্লার ফাঁসি কার্যকরের পর বিষয়টি নিয়ে পাকিস্তানের পার্লামেন্টে প্রস্তাবও তোলে তারা।
পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী চৌধুরী নিসার আলী খানও তখন কাদের মোল্লার ফাঁসি কার্যকরে ‘দুঃখ’ প্রকাশ করে উদ্বেগ জানান।
তার বক্তব্যেরও প্রতিবাদ জানায় ঢাকা।
