২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘জামায়াতের আগুনে পুড়েছে কোরআনও’

যুদ্ধাপরাধী আব্দুল কাদের মোল্লার ফাঁসির সময় জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের তাণ্ডবের চিহ্ন এখনো বয়ে বেড়াচ্ছে পলাশবাড়ীর বেশ কয়েকটি পরিবার, যার মধ্যে এক বাড়িতে হামলাকারীদের আগুনে পুড়ে যায় মুসলমানদের ধর্মগ্রন্থ কোরআন শরীফও।

সুলাইমান নিলয়

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jan 2014, 08:27 PM

Updated : 01 Sep 2026, 06:02 PM

গত ১০ ডিসেম্বর কাদের মোল্লার ফাঁসি কার্যকরের ঘোষণার পর গাইবান্ধার পলাশবাড়ী উপজেলা যুবলীগের যুগ্ম সম্পাদক গোলাম সারওয়ার বিপ্লবের বাড়িতে আগুন দেয় জামায়াত-শিবির কর্মীরা, অবশ্য চেম্বার বিচারপতির আদেশে শেষ পর‌্যন্ত ওইদিন ফাঁসি কার্যকর স্থগিত হয়।

সর্বোচ্চ আদালতে রায় পুনর্বিবেচনার আবেদন খারিজ হওয়ায় দুদিন পর ১২ ডিসেম্বর ফাঁসি কার্যকর হয় মিরপুরের কসাই হিসেবে পরিচিত জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল কাদের মোল্লার।

সাম্প্রদায়িক সন্ত্রাস প্রতিহতে ঠাকুরগাঁওমুখী রোডমার্চে বের হওয়া গণজাগরণ মঞ্চের সংগঠকরা শনিবার পলাশবাড়ীতে হামলায় ক্ষতিগ্রস্ত ওই বাড়ি পরিদর্শনে যান, যেখানে আগুনের অন্যান্য ধ্বংসাবশেষের সঙ্গে কোরআন শরীফও রয়েছে।

এ সময় বিপ্লব ও তার স্ত্রী জান্নাতুল ফেরদৌস সেই দিনের হামলার বিবরণ তুলে ধরেন।

জান্নাতুল ফেরদৌস জানান, ছোট সন্তানকে নিয়ে বাসায় ছিলেন তিনি। ঘরে বসে টিভি দেখছিলেন। কাদের মোল্লাকে ফাঁসি দেয়ার কথা টিভিতে স্ক্রলে দেখাচ্ছিল। হঠাৎ বাসার সামনে শোরগোল শোনা যায়। উকি দিয়ে দেখেন বেশ কয়েকজন লোক আক্রমণাত্মক ভঙ্গিতে এগিয়ে আসছে। তারা দরজা ভেঙে বাসায় ঢোকে।

তিনি বলেন, “আমি ভয়ে কাঁপছিলাম। হাতে রামদাসহ বিভিন্ন অস্ত্রশস্ত্র নিয়ে তারা ভেতরে এসে বললো, বাসা থেকে বের হয়ে যাও। নয়তো এক্ষুণি তোমাদেরসহ জ্বালিয়ে দিবো। এরপর বাচ্চাকে নিয়ে আমি বাসার পেছন দিয়ে বের হয়ে যাই।

“তারা সব জ্বালিয়ে দেয়। শখ করে নতুন একটি টিভি কিনেছিলাম। সেটিও জ্বালিয়ে দেয়। কিছুই নিতে পারিনি। এক কাপড়ে বাচ্চাকে নিয়ে বের হয়ে গিয়েছি। ওরা ঘর পুড়িয়ে দিয়েছে। পরনের সেলোয়ার কামিজ ছাড়া আর সব কিছু পুড়ে গেছে। এমনকি জামায়াতের হাত থেকে কোরআন শরীফও রক্ষা পায়নি।”

বিপ্লব জানান, ১০ ডিসম্বের সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে তার বাড়িতে আগুন দেয়া হয়। হামলায় নিজের বাড়ি পুড়ে যাওয়ায় এখন পাশেই একটি বাসা ভাড়া নিয়ে পরিবার নিয়ে থাকছেন তিনি।

রোডমার্চ পলাশবাড়ী দিয়ে যাওয়ার সময় জামায়াত কর্মীদের আগুনে পুড়ে যাওয়া উপজেলা জাসদের সভাপতি মো. নুরুজ্জামান প্রধানের বাড়িও পরিদর্শন করেন গণজাগরণ মঞ্চের সংগঠকরা।