নেত্রকোণায় প্রতিমা ভাংচুরের মামলায় গ্রেপ্তার ৫
নেত্রকোণার বারহাট্টা উপজেলার হারুলিয়া গ্রামে বৃহস্পতিবার রাতে দুর্বৃত্তদের হামলায় প্রতিমা ভাংচুরের মামলায় পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলেন- ওই গ্রামের স্বপন মিয়া (২৪), সাইকুল ইসলাম (২৫), মাসুদ মীর (২৮), মোগল খান (৩৫) ও রফিকুল ইসলাম (২৭)।
শনিবার ভোরে গ্রাম থেকে এদের গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন বারহাট্টা থানার উপ-পরিদর্শক (এসআই) ও মামলার তদন্ত কর্মকর্তা স্বপন চন্দ্র সরকার।
হারুলিয়া গ্রামে শিক্ষক প্রণব ঘোষের বাড়ির আঙিনায় নতুন নির্মিত প্রতিমা রোদে শুকাতে বাইরে রাখা ছিল। বৃহস্পতিবার রাতে দুর্বৃত্তরা কালী মূর্তিসহ চারটি প্রতিমা ভেঙে ফেলে।
এই ঘটনায় প্রণব বাদি হয়ে অজ্ঞাতনামাদের আসামি করে শুক্রবার থানায় মামলা করেন।
এই ভাংচুরের আগে গত ৭ জানুয়ারি জেলার কলমাকান্দা উপজেলার বটতলা গ্রামে কালিমন্দিরের প্রতিমায় আগুন দেয়া ও ভাংচুর করা হয়।
একই রাতে মদন উপজেলার জাহাঙ্গীরপুর গ্রামে মুক্তিযোদ্ধা সুকোমল বৈশ্যের বাড়ির আঙিনায় খড়ের গাদায় আগুন দেয় দুর্বৃত্তরা।
এ ছাড়া ১১ জানুয়ারি রাতে সদর উপজেলার দুদকুড়া গ্রামের কালী মন্দিরের প্রতিমায় আগুন দেয়ার ঘটনা ঘটে।
