বেড়াতে নিয়ে শিশুকে হত্যা
বাড়ি থেকে টাকা চুরি করে প্রতিবেশি এক যুবকের সঙ্গে বেড়াতে গিয়ে গাইবান্ধার গোবিন্দগঞ্জে এক শিশু খুন হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
ঢাকা ঘুরে বাড়ি ফেরার সময় ওই শিশু টাকা ফেরত চাওয়ায় সঙ্গী যুবক তাকে হত্যা করে বলে গোবিন্দগঞ্জ থানার ওসি এবিএম জাহিদুল ইসলাম জানান।
নিহত জাহিদ হাসান(১০)গোবিন্দগঞ্জের কাঠালবাড়ী গ্রামের আবু হানজেলা ওরফে লাইজুর ছেলে। শুক্রবার সিরাজগঞ্জের সলঙ্গা থানায় ঢাকা-বগুড়া মহাসড়ক সংলগ্ন ফুল গার্ডেন হোটেলের পাশের একটি ডোবা থেকে তার লাশ উদ্ধার করা হয়।
এ ঘটনায় ঘাতক যুবক পারভেজ হোসেনকে (২২) গ্রেপ্তার করা হয়েছে বলে ওসি জাহিদুল জানিয়েছেন। পারভেজ কাঁঠালবাড়ি গ্রামেরই নূর হোসেনের ছেলে।
ওসি জানান, গত ১৪ জানুয়ারি থেকে নিখোঁজ ছিল জাহিদ। বিভিন্ন স্থানে অনেক খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান মেলেনি। একই দিন পারভেজও বাড়ি থেকে উধাও হয়। এ কারণে জাহিদের নিখোঁজ হওয়ার পিছনে পারভেজের হাত রয়েছে বলে সন্দেহ করে তার পরিবার।
শুক্রবার ভোরে পারভেজ বাড়িতে এলে তাকে গ্রেপ্তার করা হয়।
“পরে জিজ্ঞাসাবাদে সে জাহিদকে হত্যার কথা স্বীকার করে,” বলেন ওসি জাহিদুল ইসলাম।
তিনি বলেন, “জিজ্ঞাসাবাদে পারভেজ জানিয়েছে, ঢাকায় বেড়াতে যাওয়ার জন্য জাহিদকে বাড়ি থেকে ১০ হাজার টাকা নিয়ে আসতে বললে সে তা চুরি করে এনে পারভেজকে দেয়। এই টাকা নিয়ে তারা ওই দিনই ঢাকা যায়।
“ঢাকার বিভিন্ন স্থান ঘুরে বেড়ানোর পর বুধবার রাতে বাড়ি ফেরার পথে সলঙ্গার ফুল গার্ডেন হোটেল এলাকায় দুইজন বাস থেকে নামে। সেখানে বাড়ি যাওয়ার কথা শুনে জাহিদ ওই ১০ হাজার টাকা ফেরত চায়। এ নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে পারভেজ তাকে শ্বাসরোধ করে হত্যা করে।”
পারভেজের দেয়া তথ্য অনুযায়ী বিকালে সলঙ্গা থানা পুলিশের সহায়তায় জাহিদের লাশ উদ্ধার করা হয় বলে তিনি জানান।
এ ঘটনায় জাহিদের বাবা গোবিন্দগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।
