২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাম্প্রদায়িক হামলার প্রতিবাদ চট্টগ্রামে

দেশের বিভিন্ন স্থানে সাম্প্রদায়িক সহিংসতা ও শিক্ষা প্রতিষ্ঠানে নাশকতার  প্রতিবাদে চট্টগ্রামে সমাবেশ ও মানববন্ধন হয়েছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jan 2014, 10:47 PM

Updated : 22 Aug 2022, 05:32 PM

শুক্রবার বিকালে চট্টগ্রাম প্রেসক্লাব ও নগরীর চেরাগী পাহাড় মোড়ে দুটি পৃথক সমাবেশ ও মানববন্ধন হয়।

সাম্প্রদায়িক সহিংসতা বন্ধে কঠোর পদক্ষেপ নিতে সরকারের প্রতি দাবি জানানো হয় এসব কর্মসূচি থেকে।

পাশাপাশি দোষীদের বিচারে পৃথক ট্রাইব্যুনাল গঠন ও যুদ্ধাপরাধীদের বিচার তরান্বিত করার দাবিও জানান আন্দোলনকারীরা।

বিকাল ৪টায় চট্টগ্রাম প্রেসক্লাব প্রাঙ্গনে সমাবেশের আয়োজন করে খেলাঘর চট্টগ্রাম মহানগরী শাখা।

সংগঠনের সভাপতি এ কিউ এম সিরাজুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে অন্যদের মধ্যে  সংগঠনের সহ-সভাপতি এম নাসিরুল হক, শিক্ষাবিদ অজিত কুমার আইচ, উদীচীর কেন্দ্রীয় সহ-সভাপতি  চন্দন দাশ, খেলাঘর চট্টগ্রাম মহানগরীর সাধারণ সম্পাদক প্রকৌলশী রূপক চৌধুরী, গণজাগরণ মঞ্চ চট্টগ্রামের সমন্বয়ক শরীফ চৌহান, শিক্ষক নেতা অঞ্চল চৌধুরী, অধ্যাপক শীলা দাশগুপ্ত ও ইন্দিরা চৌধুরী, শিক্ষিকা সালমা জাহান মিলি, যুবনেতা শ্রীপ্রকাশ দাশ অসিত ও প্রিন্স রুবেল বক্তব্য দেন।

নির্বাচনকে ঘিরে দেশের বিভিন্ন স্থানে শিক্ষা প্রতিষ্ঠানে অগ্নিসংযোগকারীরা মূলত বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংসের মাধ্যমে দেশের ভবিষ্যতকে নষ্ট করতে চায় বলে মনে করেন তারা।

এদিকে বিকালে নগরীর চেরাগী পাহাড় মোড়ে প্রতিবাদ সমাবেশের আয়োজন করে আবৃত্তি সংগঠন বোধন।

সমাবেশে  দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান, মুক্তিযুদ্ধ বিষয়ক গবেষক মাহফজুর রহমান, গণজাগরণ মঞ্চের সমন্বয়ক শরীফ চৌহান, অধ্যাপক হোসাইন কবির ও সংস্কৃতি কর্মী অনুপ বিশ্বাস, প্রণব চৌধুরী প্রমুখ বক্তব্য দেন।