২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘সুচিত্রার বাড়ি দখলমুক্ত করুন’

কিংবদন্তী অভিনেত্রী সুচিত্রা সেন স্মরণে তার জন্মস্থান পাবনায় আয়োজিত এক সভায় ‘মহানায়িকার’ পৈতৃক বাড়িটি দখলমুক্ত করার দাবি জানিয়েছেন বক্তারা।

পাবনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jan 2014, 10:04 PM

Updated : 01 Sep 2026, 06:02 PM

সুচিত্রা সেন স্মৃতি সংরক্ষণ পরিষদ শুক্রবার রাতে পাবনা প্রেসক্লাব মিলনায়তনে এ স্মরণসভার আয়োজন করে। দুই বাংলার প্রখ্যাত এই অভিনেত্রীর আত্মার প্রতি শ্রদ্ধা জানিয়ে সভার শুরুতেই এক মিনিট নিরবতা পালন করা হয়।

শুক্রবার সকালে কলকাতার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান সুচিত্রা সেন, অর্পিত সম্পত্তি আইনের সুযোগ নিয়ে যার পৈত্রিক ভিটা দখল করে রেখেছেন এক জামায়াত নেতা।

পাবনা শহরের গোপালপুর মহল্লার হেমসাগর লেনে ওই বাড়িতেই কেটেছে সুচিত্রার শৈশব ও কৈশর।

বাড়িটি দখলমুক্ত করে সেখানে ‘সুচিত্রা আর্কাইভ’ অথবা ‘ফিল্ম ইনিস্টিটিউট’ গড়ে তোলার দাবি জানান স্মরণসভার বক্তারা।

সুচিত্রা সেন স্মৃতি সংরক্ষণ পরিষদের সভাপতি ও পাবনা জেলা পরিষদের প্রশাসক এম. সাইদুল হক চুন্নু, সাধারণ সম্পাদক রামদুলাল ভৌমিক, প্রবীণ সাংবাদিক রণেশ মৈত্র, আনোয়ারুল হক, প্রেসক্লাবের সভাপতি শিবজিত নাগ, সম্পাদক আহমেদ উল হক রানা, সাংবাদিক এ বি এম ফজলুর রহমান, আখতার উজ জামান আখতার, উৎপল মির্জা, জাকির হোসেন, পাবনা ড্রামা সার্কেলের সভাপতি সিরাজুল ইসলাম হীরা এই স্মরণসভায় বক্তব্য দেন।