ইয়াবার চালান ‘ধরা পড়ায়’ কিশোরকে পিটিয়ে হত্যা
কক্সবাজারের টেকনাফে পঞ্চাশ হাজার ইয়াবার একটি চালান আটক হওয়ার পর আইনশৃংখলা বাহিনীর ‘চর সন্দেহে’ এক কিশোরকে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে।
নিহত সরওয়ার ইসলাম (১৬) টেকনাফের হ্নীলা লেদা পশ্চিম পাড়ার আবদুস শুক্কুরের ছেলে। বৃহস্পতিবার রাতে পিটুনিতে গুরুতর আহত হওয়ার পর শুক্রবার বিকাল ৫ টার দিকে হাসপাতালে তার মৃত্যু হয়।
আবদুস শুক্কুর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রোববার রাত ৯টার দিকে টেকনাফের হ্নীলা ইউনিয়নের লেদা এলাকায় একটি বাড়িতে অভিযান চালিয়ে ৫০ হাজার ইয়াবাসহ ওই বাড়ির মালিক নূর মোহাম্মদের স্ত্রী মিনা আরা বেগমকে গ্রেপ্তার করে র্যাব-৭ এর একটি দল।
এছাড়া সেখান থেকে তিন লাখ ৮৯ হাজার টাকা উদ্ধার করা হয়। নূর মোহাম্মদকে পলাতক আসামি দেখিয়ে একটি মামলাও দায়ের করা হয়।
শুক্কুর জানান, ওই ঘটনার জের ধরে ‘র্যাবের সোর্স সন্দেহে’ নূর মোহাম্মদের নেতৃত্বে ‘একদল সন্ত্রাসী’ রোববার রাতেই তার ছেলে সরওয়ারকে অপহরণ করে পাশের এক টিলায় নিয়ে ব্যাপক নির্যাতন চালায়।
পরে চিৎকার শুনে আত্মীয়-স্বজনেরা গুরুতর আহত অবস্থায় সরওয়ারকে উদ্ধার করে। টেকনাফ সদর হাসপাতালে ভর্তি করে।
পরে অবস্থার অবনতি হলে রাতে কক্সবাজারের একটি প্রাইভেট ক্লিনিকে স্থানান্তর করা হয় সরওয়ারকে। সেখানেই শুক্রবার বিকালে তার মৃত্যু হয়।
টেকনাফ থানার ওসি মোহাম্মদ ফরহাদ বলেন, বিষয়টি তিনি শুনেছেন। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।
টেকনাফে ইয়াবাসহ গৃহবধু আটক
