জাগরণের রোডমার্চে দফায় দফায় বোমা হামলা
সাম্প্রদায়িক হামলার প্রতিবাদে ঠাকুরগাঁও অভিমুখে গণজাগরণ মঞ্চের রোডমার্চের গাড়িবহরে দফায় দফায় হাতবোমা হামলায় অন্তত পাঁচজন আহত হয়েছেন।
‘যারা বাংলাদেশ চায় না, হামলায় তারাই’
বগুড়ায় জাগরণমঞ্চের সমাবেশস্থলে বিস্ফোরণ
বোমায় আন্দোলন বন্ধ হবে না: ইমরান
শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টা থেকে সাড়ে ৮টার মধ্যে বগুড়ার শেরপুরের শেরুয়া বটতলা, বনানী বাইপাস ও শাহজাহানপুরের পটকি ব্রিজ এলাকায় এসব হামলার ঘটনা ঘটে।
গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার বলেন, দফায় দফায় হাতবোমা হামলায় অন্তত পাঁচজন আহত হয়েছেন। এতে গাড়িবহরের তিনটি বাস ও একটি প্রাইভেটকার ক্ষতিগ্রস্ত হয়েছে।
অবিলম্বে হামলাকারীদের গ্রেপ্তারের দাবি জানিয়ে তিনি বলেন, “যারা চায়, বাংলাদেশ ধ্বংস হয়ে যাক, যুদ্ধাপরাধীদের বাঁচাতে যারা মরিয়া হয়ে উঠেছে, যারা সারা দেশব্যাপী সহিংসতায় মেতে উঠেছে তারাই এই হামলা চালিয়েছে।”
সাম্প্রদায়িক সন্ত্রাসের জন্য জামায়াতে ইসলামী ও তাদের সহযোগী ছাত্র শিবিরের বিরুদ্ধে অভিযান পরিচালনা করতে সরকারের প্রতি দাবি জানান ইমরান।
আহতদের মধ্যে দুইজনের পরিচয় জানা গেছে। তারা হলেন- বাংলাদেশ ছাত্রমৈত্রীর সাধারণ সম্পাদক তানভীর রুসমত ও যুদ্ধাহত মুক্তিযোদ্ধা মাকসুদুল আলম (৬৫)।
রোডমার্চে থাকা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রতিবেদক সুলাইমান নিলয় ও ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি বাকি বিল্লাহ জানান, শেরুয়া বটতলায় গাড়িবহরের দুটি বাসে হাতবোমা নিক্ষেপ করা হয়। এসময় ইট-পাটকেলও নিক্ষেপ করে হামলাকারীরা।
বাকি বিল্লাহ জানান, গাড়িবহরের আটটি বাসের মধ্যে ২ ও ৩ নম্বর বাসে হাতবোমার বিস্ফোরণে বেশ কয়েকটি জানালার কাচ ভেঙে যায়।
২ নম্বর বাসের জানালার কাচ ভেঙে মুক্তিযোদ্ধা মাকসুদুল আলম আহত হন। তার মাথায় কাচের টুকরো ঢুকেছে।
নিলয় জানান, ৩ নম্বর বাসে হাতবোমার বিস্ফোরণে তানভীর আহত হন। জাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার একই বাসে থাকলেও তার কোনো ক্ষতি হয়নি।
শেরপুর থানার ওসি আলী আহম্মেদ জানান, দুর্বৃত্তদের হামলার পর শেরপুর বাসস্ট্যান্ডে একটি সংক্ষিপ্ত পথসভায় অংশ নিয়ে বগুড়ার উদ্দেশ্যে যাত্রা করে রোডমার্চ।
এরপর বগুড়া শহরে ঢোকার আগে রাত সাড়ে ৮টার দিকে বনানী বাইপাস এলাকায় অন্তত দুই দফা বোমা হামলা হয়।
নিলয় জানান, তিন মিনিটের ব্যবধানে বহরের গাড়ি লক্ষ্য করে অন্তত ১৫টি হাতবোমা ছোড়া হয়।
বহরের সামনে-পিছনে পুলিশ পাহারার মধ্যেই হামলা চলে বলে জানান তিনি।
বগুড়ার শাহজাহানপুর থানার ওসি আব্দুল মান্নান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, পটকি ব্রিজ এলাকায় দুর্বৃত্তরা কয়েকটি হাতবোমার বিস্ফোরণ ঘটালে গাড়িবহরের সঙ্গে থাকা পুলিশ সদস্যরা পাঁচ থেকে ছয় রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে। এরপর হামলাকারীরা পালিয়ে যায়।
রাত পৌনে ৯টার দিকে বগুড়া শহরে পৌঁছায় গণজাগরণ মঞ্চের কর্মীরা। শহরের জিরো পয়েন্ট সাত মাথায় নির্ধারিত সমাবেশ শেষে রাতে সেখানেই থাকার কথা রয়েছে তাদের।
গাড়িবহরে হামলার আগে বিকালে বগুড়ায় জাগরণ মঞ্চের সমাবেশস্থলের কাছে দুটি হাতবোমার বিস্ফোরণ ঘটানো হয়। তবে তাতে কেউ হতাহত হননি।
নির্বাচন পরবর্তী সাম্প্রদায়িক হামলার প্রতিবাদে সকালে শাহবাগ থেকে ঠাকুরগাঁও অভিমুখে রোডমার্চ শুরু করে গণজাগরণ মঞ্চ।
এর আগে গত ১১ ও ১২ জানুয়ারি সাম্প্রদায়িক হামলায় ক্ষতিগ্রস্ত যশোরের অভয়নগরের মালোপাড়া অভিমুখে রোডমার্চ করে যুদ্ধাপরাধীর ফাঁসি ও জামায়াতে ইসলামীর রাজনীতি নিষিদ্ধের দাবিতে আন্দোলনরত ছাত্র-জনতার এ মঞ্চ।
