২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সোনারগাঁওয়ে গণপিটুনিতে ডাকাত নিহত

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে পৌরসভার ওয়ার্ড কাউন্সিলরের বাড়িতে ডাকাতি করে পালানোর সময় এলাকাবাসীর পিটুনিতে এক ডাকাতের মৃত্যু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jan 2014, 03:42 PM

Updated : 22 Aug 2022, 05:32 PM

বৃহস্পতিবার গভীর রাতে উপজেলার পৌর এলাকার টিপরদী গ্রামে এই ঘটনা ঘটে।

সোনারগাঁও থানার ওসি আতিকুর রহমান খান জানান, বৃহস্পতিবার রাত ১টার দিকে  পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর লায়ন মোশারফ হোসেনের বাড়িতে একদল ডাকাত হানা দেয়।

ডাকাতির ঘটনা কাউন্সিলর মোবাইল ফোনে স্থানীয় মসজিদের ইমামকে জানালে মসজিদের মাইকে ঘোষণা দেয়া হয়।

ওসি আতিক বলেন, পরে এলাকাবাসী একত্রিত হয়ে ডাকাতদের ধাওয়া করে একজনকে ধরে পিটুনি দেয়।

খবর পেয়ে শুক্রবার সকালে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহত ডাকাতকে গুরুতর অবস্থায় নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠায়। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন।

কাউন্সিলর মোশারফ হোসেন জানিয়েছেন, ডাকাতরা তার ছোট ঘর থেকে নগদ ১০ লাখ টাকা ও ৩৮ ভরি স্বর্ণালংকার লুট করে নিয়ে গেছে।