২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামকে ‘নান্দনিক নগরী’ করতে চান  দুই মন্ত্রী  

চট্টগ্রামকে আরো উন্নত ও নান্দনিক নগরী হিসেবে গড়ে তুলতে সকলের সহযোগিতা চেয়েছেন চট্টগ্রামের দুই মন্ত্রী।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jan 2014, 12:29 AM

Updated : 01 Sep 2026, 06:02 PM

বৃহস্পতিবার সন্ধ্যায় চট্টগ্রাম সার্কিট হাউস মিলনায়তনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এ সহযোগিতা চান গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এবং ভূমি প্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ।

মন্ত্রিসভা গঠনের চারদিনের মাথায় বৃহস্পতিবারের এই মতবিনিময়কালে দুই মন্ত্রী চট্টগ্রামের উন্নয়নের বিভিন্ন ফিরিস্তিও তুলে ধরেন।

গণপূর্ত মন্ত্রী মোশাররফ বলেন, “সরকার চট্টগ্রামকে যানজটমুক্ত করে নান্দনিক নগরী হিসেবে গড়ে তুলতে চায়। আরো আবাসিক এলাকা ও নতুন রাস্তা তৈরি করা হবে। এ সরকারের মেয়াদের মধ্যে বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডের পাশাপাশি কর্ণফুলী টানেল নির্মাণের কাজও আমরা শেষ করতে চাই।”

চট্টগ্রামকে যানজটমুক্ত করতে বিমানবন্দর থেকে বারিক বিল্ডিং মোড় হয়ে শাহ আমানত সেতু পর্যন্ত এলিভেটেড এক্সপ্রেসওয়ে করার পরিকল্পনার কথাও জানান তিনি।

চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ) গণপূর্ত মন্ত্রণালয়ের অধীনে হওয়ায় এসব উন্নয়ন কর্মকাণ্ডও সিডিএ’র অধীনে হবে বলেও জানান গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশারফ।

এসময় নগরীর জলাবদ্ধতা নিরসনের জন্য পূর্বের পরিকল্পনা বাস্তবায়নের পাশাপাশি তহবিল বাড়ানোর কথাও বলেন তিনি।

মতবিনিময় সভায় পূর্ত মন্ত্রী বলেন, “ঢাকার মত চট্টগ্রামে বড় কোন পার্ক নেই। ১৯৯৬ সালে আমি মন্ত্রী থাকার সময় ডিসি হিলকে পার্ক হিসেবে গড়ে তোলার কাজ হাতে নিয়েছিলাম। এবার তা পূর্ণাঙ্গ করার পাশাপাশি নতুন পার্কও তৈরি করব।”

রাজউক, সিডিএ, আরডিএ-র মত সরকারী সংস্থাগুলোর কার্যক্রম আরো গতিশীল করার উদ্যোগ নেয়ার ঘোষণা দেন পূর্তমন্ত্রী।

এদিকে চট্টগ্রামের মিরেরসরাই ও আনোয়ারাকে ‘অর্থনৈতিক অঞ্চল’ হিসেবে গড়ে তোলার পাশাপাশি চট্টগ্রাম কক্সবাজার রেল লাইন তৈরির কাজ শেষ করার জন্য সকলের সহযোগিতা চান পূর্ত মন্ত্রী মোশারফ।

ভূমি প্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ বলেন, “রেলের অনেক জায়গা দখলদারদের হাতে রয়েছে। এনিয়ে রেল মন্ত্রীর সঙ্গে আমার কথা হয়েছে।”

চট্টগ্রামের নান্দনিক সব জায়গা রেলওয়ের অধীনে রয়েছে জানিয়ে তিনি চট্টগ্রামকে নান্দনিক নগরীতে গড়ে তোলার জন্য রেল ও ভূমি মন্ত্রনালয় একযোগে কাজ করবে বলে জানান।

জাবেদ বলেন, “বাংলাদেশে যে ভূমি জরিপ আছে তা ‘প্রোপারওয়েতে’ হয়েছিল ব্রিটিশ আমলে। তারপরে আর কোন ভূমি জরিপ সঠিকভাবে হয়নি। দেশে সঠিক ভাবে ভূমি জরিপও করা হবে।”

ভূমিদস্যুদের হাত থেকে সাধারণ মানুষকে রক্ষা করার প্রত্যয় ব্যক্ত করেন এ মন্ত্রী।

ছাত্রলীগ কর্মীদের দিকে তেড়ে গেলেন মোশাররফ:

এদিকে সন্ধ্যা পৌনে সাতটায় ইঞ্জিনিয়ার মোশারফ সার্কিট হাউসে প্রবেশের সাথে সাথে চট্টগ্রাম নগর ছাত্রলীগের কমিটি বাতিলের দাবিতে স্লোগান দিতে থাকেন পদবঞ্চিত ছাত্রলীগ কর্মীরা।

এসময় তাদেরকে শান্ত হওয়ার জন্য বেশ কয়েকবার অনুরোধ করে মোশাররফসহ উপস্থিত আওয়ামী লীগ ও ছাত্রলীগ নেতারা।

এরপরও ছাত্রলীগ কর্মীরা উচ্ছৃঙ্খল আচরণ অব্যাহত রাখলে মন্ত্রী মোশাররফ মঞ্চের চেয়ার থেকে উঠে তাদের দিকে তেড়ে যান। অবশ্য পাশে থাকা আওয়ামী লীগ নেতারা তাকে ধরে চেয়ারে বসিয়ে দেন।

পরে ঘটনার জন্য দুঃখ প্রকাশ করে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ বলেন, “ছাত্রলীগের কমিটির সঙ্গে আমার কোন ধরনের সম্পর্ক নেই। এটা নগর আওয়ামী লীগের পাশাপাশি ছাত্রলীগের নগর ও কেন্দ্রীয় কমিটির বিষয়।”

এসময় তার পাশে ছিলেন, নগর আওয়ামী লীগের সভাপতি এবিএম মহিউদ্দিন চৌধুরী, সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দিন, সীতাকুণ্ড আসন থেকে নির্বাচিত সাংসদ দিদারুল আলম প্রমুখ।