ঋষিপল্লীতে দুই হিন্দুবধূ ধর্ষণ ঘটনায় আটক ৩
যশোরের মণিরামপুর উপজেলার হাজরাইল গ্রামের ঋষিপল্লীতে দুই গৃহবধূ ধর্ষণের ঘটনায় আটক একজন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে বলে জানিয়েছে পুলিশ।
বৃহস্পতিবার হাজরাইল গ্রামের উত্তম কুমার ও শিহাব উদ্দিনকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন ডিবি পুলিশের ওসি মনিরুজ্জামান।
এর আগে মফিজ গাজী নামে এই যুবককে বুধবার রাতে আটক করে পুলিশ। মফিজ ওই উপজেলার ভোমরদাহ গ্রামের মনির উদ্দিনের ছেলে।
তার স্বীকারোক্তি অনুযায়ী অন্য দুজনকে বৃহস্পতিবার আটক করা হয়। এর মধ্যে আটক উত্তমের হাজরাইল গ্রামে এবং শিহাবের ভোমরদহ গ্রামে বাড়ি।
তিনি জানান, বৃহস্পতিবার বিকেলে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক আমিরুল ইসলাম মফিজ গাজীর জবানবন্দি গ্রহণ শেষে কারাগারে পাঠানোর আদেশ দেন।
মফিজ ঘটনার সাথে জড়িত থাকার কথা স্বীকার করে জানায় এ ঘটনার সাথে উত্তম, শিহাব, ইকলাজ, তবিদুল, সেহজরাব, সাইফুলসহ ১২জন জড়িত বলে জানায়।
১০ম জাতীয় সংসদ নির্বাচনে ভোট দেয়ায় সোহরাব ও সাইফুলের নেতৃত্বে এ কাজ করা হয় বলে জানিয়েছে মফিজ গাজী।
ডিবি পুলিশের উপ-পরিদর্শক আবুল খায়ের জানান, জবানবন্দিতে মফিজ বলেন- নির্বাচনে ঋষিপল্লীর ভোটারদের ভোটকেন্দ্রে যেতে নিষেধ করে স্থানীয় বিএনপি-জামায়াত নেতাকর্মীরা।
ভোটের দিন সকালে ঋষিপল্লীর লোকজন বিএনপি-জামায়াত নেতাকর্মীদের নিষেধ উপেক্ষা করে ভোট দিয়ে যায়। এতে ক্ষিপ্ত হয় তারা।
গত ৮ জানুয়ারি রাতে ঢাকুরিয়া বাজারে সোহরাব ও সাইফুলের নেতৃত্বে ঋষিপল্লীতে হামলা ও ধর্ষণের পরিকল্পনা হয়।
পরিকল্পনা অনুযায়ী রাত দেড়টার দিকে সোহরাব, সাইফুল, উত্তম কুমার, শিহাব উদ্দিন, ইকলাজ, তবিদুলসহ ১২ জন ঋষিপল্লীতে যায়।
পাশাপাশি দুই বাড়িতে ৫ জন করে ঢুকে অস্ত্রের মুখে সবাইকে জিম্মি করা হয়।
সে সময় দুইজন বাড়ির সামনে রাস্তায় পাহারা দিচ্ছিল।
সেদিন দুই গৃহবধূকে ধর্ষণে একে অপরকে সহায়তা করে বলে স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে মফিজ জানায় বলে ওসি জানান।
