নদী থেকে মাটি কাটায় জরিমানা
ফরিদপুরের বোয়ালমারীতে মধুমতি নদীতে বাঁধ দিয়ে অবৈধ ভাবে মাটি কাটার দায়ে এক ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বুধবার সন্ধ্যায় উপজেলার গুণবহা ইউনিয়নের নদীয়ারচর ঘাট এলাকায় এ অভিযান চালান বোয়ালমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সহিদুজ্জামান।
দণ্ডিত ড্রেজার মালিক শহিদুল ইসলাম (৩৫) আলফাডাঙ্গা উপজেলার উত্তর চর নারায়নদিয়া গ্রামের সিরাজুল ইসলামের ছেলে।
ইউএনও মো. সহিদুলজ্জামান বলেন, “বালু ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ৪(গ) ধারায় দোষী সাব্যস্ত করে শহীদুলকে এ জরিমানা করা হয়েছে।”
আদালত সূত্রে জানা যায়, শহীদুল নদীয়ার চর ঘাট এলাকায় মধুমতি নদীর দুই কিলোমিটার অংশ বাঁধ দিয়ে অবৈধভাবে বালু কেটে আসছিল।
