স্বর্ণ আত্মসাতে অভিযুক্ত দারোগা ক্লোজড
চোরচালানকারীর কাছ থেকে উদ্ধার করা স্বর্ণবার আত্মসাতের অভিযোগের তদন্ত শুরুর পর আত্মগোপনে থাকা বেনাপোল পোর্ট থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) রফিকুল ইসলাম ফিরে এসেছেন।
ওসি কাইয়ুম আলী সরদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বুধবার রাতে রফিক থানায় ফেরার কথা পুলিশ সুপারকে জানালে তাকে তাৎক্ষণিকভাবে পুলিশ লাইনে প্রত্যাহার করা হয়।”
সোমবার থেকে তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না।
গত ২ জানুয়ারি বেনাপোলের কাগজপুকুর এলাকা থেকে ৫১টি স্বর্ণের বারসহ মোমিন নামে এক স্বর্ণ চোরাচালানকারীকে আটক করে বেনাপোল পোর্ট থানা পুলিশ।
অভিযোগ ওঠে উদ্ধার করা স্বর্ণবারের ৩৬টি থানায় জমা দিলেও বাকী ১৫টি বার রফিকসহ কয়েকজন পুলিশ সদস্য আত্মসাত করেছেন।
বিষয়টি পুলিশের উচ্চ পর্যায়ে জানাজানি হলে যশোর পুলিশ সুপার মামলাটি যশোর গোয়েন্দা পুলিশকে (ডিবি) হস্তান্তর করেন।
আটক মোমিন গোয়েন্দা পুলিশের জিজ্ঞাসাবাদে ৫১টি স্বর্ণের বারসহ আটক হওয়ার কথা স্বীকার করেন এবং আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দেয় বলে যশোর গোয়েন্দা পুলিশের (ডিবির) ওসি পরিদর্শক মনিরুজ্জামান জানান।
গত সোমবার রাতে যশোরের এএসপি সার্কেল মিলুমিয়া বিশ্বাস স্বর্ণ আত্মস্বাতের বিষয়টি তদন্ত করতে বেনাপোল আসেন।
এরপর থেকে স্বর্ণ আটককারী কর্মকর্তা এএসআই রফিককে খুঁজে পাওয়া যাচ্ছিল না। তার মোবাইল ফোনও বন্ধ ছিল।
থানার পাশেই একটি বাড়ি ভাড়া নিয়ে পরিবারের সদস্যদের নিয়ে বসবাস করতে তিনি। সে বাড়িটি তালা বন্ধ ছিল।
এর আগে রফিককে খুঁজে পাওয়া যাচ্ছে না জানালেও বৃহস্পতিবার ওসি কাইয়ুম আলী সরদার বলেন, “রফিকের স্ত্রী হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় তাকে নিয়ে সে গ্রামের বাড়িতে গিয়েছিল।
“পথে তার মোবাইল ফোনটি হারিয়ে যাওয়ায় থানায় যোগাযোগ করতে পারেনি।”
