তারেককে খালাস: আপিলের গ্রহণযোগ্যতার শুনানি শুরু
মুদ্রা পাচার মামলায় খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমানের বেকসুর খালাসের রায়ের বিরুদ্ধে হাই কোর্টে আপিলের গ্রহণযোগ্যতার শুনানি শুরু হয়েছে।
কার্যতালিকায় আসার পর বৃহস্পতিবার বিচারপতি মো. নিজামুল হক ও বিচারপতি মো. জাহাঙ্গীর হোসেনের বেঞ্চ এই শুনানি শুরু হয়।
আদালতে দুদকের পক্ষে শুনানিতে মো. খুরশীদ আলম খান বলেন, “সাক্ষী ভালোভাবে বিবেচনা না করে নিম্ন আদালত রায় দিয়েছে। এফবিআই কর্মকর্তাসহ অন্য সাক্ষী এবং দলিলাদি ভালোভাবে বিবেচনা করলে রায় ভিন্ন হতে পারত।”
এর আগে সকালে তারেকের পক্ষে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি এ জে মোহাম্মদ আলী দুই সপ্তাহ সময় চান।
আদালত সেই আবেদনে সাড়া না দিয়ে দুপুরের পর শুনানি শুরু করে। সেখানে তারেকের কোনো আইনজীবী ছিলেন না।
শুনানিতে খুরশীদ আলম তার বক্তব্য শেষ করেচেন। আদালত পুনঃশুনানির জন্য এরপর রোববার দিন রেখেছে।
খুরশীদ আলম সাংবাদিকদের বলেন, আপিলের গ্রহণযোগ্যতা বিবেচিত হলে জজ কোর্টের নথি আসবে। এরপর পেপারবুক তৈরি মাধ্যমে আপিল প্রস্তুত হবে। এরপর মূল আপিল শুনানি শুরু হবে।
ঘুষ হিসাবে আদায়ের পর ২০ কোটি টাকা বিদেশে পাচারের অভিযোগ করা মামলায় তারেককে ঢাকার তৃতীয় বিশেষ জজ মো. মোতাহার হোসেন গত ১৭ নভেম্বর বেকসুর খালাস দেন।
ওই রায়ের বিরুদ্ধে গত ৫ ডিসেম্বর আপিল দায়ের করে দুর্নীতি দমন কমিশন।
বিএনপির জ্যেষ্ঠ ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে ওই মামলায় খালাস দেয়া হলেও তার বন্ধু গিয়াসউদ্দিন আল মামুনকে সাত বছর কারাদণ্ড ও ৪০ কোটি টাকা অর্থদণ্ড দেয়া হয়।
আপিল দায়েরের পর খুরশীদ আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেছিলেন, তারেকের রহমানের বিরুদ্ধে আনা অভিযোগ অর্থ পাচারের সংজ্ঞায় পড়ে।
মামলা দায়ের থেকে শুরু করে পুরো বিচার প্রক্রিয়াতেই অনুপস্থিত ছিলেন তারেক। গত পাঁচ বছর ধরে তিনি যুক্তরাজ্যে রয়েছেন।
বিএনপি চেয়ারপারসনের ছোট ছেলে আরাফাত রহমান কোকোও মুদ্রা পাচারের আরেকটি মামলায় কারাদণ্ডাদেশ নিয়ে বিদেশে অবস্থান করছেন।
ঢাকা ক্যান্টনমেন্ট থানায় ২০০৯ সালের ২৬ অক্টোবর দায়ের করা এ মামলায় তারেক-মামুনের বিচার শুরু হয় ২০১১ সালের ৬ জুলাই।
মামলায় অভিযোগ করা হয়, টঙ্গীতে প্রস্তাবিত ৮০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্র স্থাপনের কাজ নির্মাণ কনস্ট্রাকশনস নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠানকে পাইয়ে দেয়ার আশ্বাস দিয়ে ২০ কোটি ৪১ লাখ ২৫ হাজার টাকা ঘুষ নেন মামুন।
২০০৩ থেকে ২০০৭ সালের মধ্যে বাংলাদেশ থেকে বিভিন্ন পন্থায় ২০ কোটি ৪১ লাখ ২৫ হাজার ৮৪৩ টাকা সিঙ্গাপুরের সিটি ব্যাংকে মামুনের হিসাবে পাচার করা হয়, যার মধ্যে ৩ কোটি ৭৮ লাখ টাকা তারেক খরচ করেন বলে অভিযোগপত্রে বলা হয়।
৩৭ পৃষ্ঠার রায়ে বিচারক বলেন, ওই টাকা খরচ করার কথা তারেক রহমান অস্বীকার করেননি। ২০০৭ সালে দুদকে দাখিল করা তারেকের হিসাব বিবরণীতে তার উল্লেখ রয়েছে। তিনি যে মানি লন্ডারিং আইনে অপরাধ করেছেন তা প্রমাণিত হয়নি।
