বিদেশি কূটনীতিকদের সামনে নতুন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
নির্বাচনে জয়ী হয়ে নতুন সরকার দায়িত্ব নেয়ার পর দেশের পরিস্থিতি সম্পর্কে বিদেশি কূটনীতিকদের ব্রিফ করছেন নতুন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।
বৃহস্পতিবার বিকাল সাড়ে ৩টায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে এই ব্রিফিং শুরু হয়।
ঢাকায় যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, রাশিয়া ও ভারতসহ বিভিন্ন দেশ ও মিশনের রাষ্ট্রদূত ও কূটনীতিকরা এই ব্রিফিংয়ে উপস্থিত রয়েছেন।
পররাষ্ট্র সচিব শহিদুল হক এই ব্রিফিংয়ে প্রতিমন্ত্রীর সঙ্গে আছেন।
মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলছেন, গত ৫ জানুয়ারির নির্বাচনের পর সরকারের অবস্থান স্পষ্ট করতেই এ ব্রিফিং।
এর আগে নির্বাচন সামনে রেখে বিএনপি নেতৃত্বাধীন জোটের আন্দোলন এবং দেশজুড়ে সহিংসতার মধ্যে নির্বাচনকালীন সরকারের পররাষ্ট্র মন্ত্রী এইচএম মাহামুদ আলী কূটনীতিকদের সামনে আসেন।
বিএনপিবিহীন ওই নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে ইতোমধ্যে টানা দ্বিতীয় দফায় সরকার গঠন করেছে আওয়ামী লীগ।
মহাজোট সরকারের পররাষ্ট্রমন্ত্রী দীপু মনিও সরকারের পাঁচ বছর মেয়াদে বিভিন্ন সময়ে তিন বার বিদেশি কূটনীতিকদের ব্রিফ করেছেন।
